২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ ও গণতন্ত্র রক্ষায় এই হরতাল: খালেদা

বুধবার সকাল থেকে শুরু হতে যাওয়া ৪৮ ঘণ্টার হরতাল সফল করার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেছেন, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য এই হরতাল দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার সকাল থেকে শুরু হতে যাওয়া ৪৮ ঘণ্টার হরতাল সফল করার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেছেন, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য এই হরতাল দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে মঙ্গলবার রাতে বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য এই হরতাল দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদার সঙ্গে মত বিনিময় করতে গেলে তিনি এ কথা বলেন। হরতাল সফল করার পাশাপাশি পরবর্তী কর্মসূচিও সঠিকভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চার দল। গত ৩০ জুন বিভক্তি ভোটে সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল-২০১১ পাস অনুমোদন। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির ৫১টি এবং আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আরো চারটি সুপারিশসহ বিলটি পাস হয়। খালেদার সঙ্গে দেখা করতে যাওয়া দেড়'শ সদস্যের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে কলেজ শিক্ষক সমিতির মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, অধ্যক্ষ সমিতির সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি ও মহাসচিব মাহবুবুর রহমান মোল্লা, প্রধান শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা দেলোয়ার হোসেন, শিক্ষক কর্মচারি ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপার্সন অভিযোগ করেন, "দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে সরকার বাংলাদেশকে অন্যের হাতে তুলে দিতে নানা ষড়যন্ত্র করছে। তারা সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশকে একটি আশ্রিত রাষ্ট্রে পরিণত করার স্বপ্নে বিভোর হয়ে আছে।" প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ের সম্পাদিত চুক্তির প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "ওই সব চুক্তিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে। ২৫ বছরের গোলামি চুক্তি দেশের স্বাধীনতাবিরোধী চুক্তি ছিলো। এবারও বর্তমান সরকার যেসব চুক্তি করেছে তাতে দেশের স্বার্থ সংরক্ষণ হয়নি। "জনগণ জেনে যাবে- এই ভয়ে তারা ওইসব চুক্তি সংসদে উপস্থাপনও করেনি। এসব চুক্তি করে সরকার শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে।" ভারতের একটি ব্যাংকের সঙ্গে 'কঠিন শর্তে' সম্পাদিত ঋণচুক্তির সমালোচনা করে তিনি বলেন, "এর মাধ্যমে জনগণকে ঋণের বোঝায় আবদ্ধ করে দেউলিয়া করার অপচেষ্টা চলছে।" কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য গত বছর ৭ অগাস্ট ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণ চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। বাংলাদেশকে এই ১০০ কোটি ডলার ঋণ অনুমোদনের ক্ষেত্রে ভারতের শর্ত ছিল, ওই টাকায় কেনা যন্ত্রাংশ ও সেবার ৮৫ শতাংশ ভারত থেকেই নিতে হবে। ২০১০ সালের আগস্টে করা ওই চুক্তি কার্যকর হয়েছে চলতি বছরের ফেব্র"য়ারি থেকে। অর্থাৎ টাকা ব্যবহার না হলেও বাংলাদেশকে ফেব্র"য়ারি থেকেই সুদ গুণতে হবে। ২০ বছর মেয়াদী এই চুক্তির আওতায় ভারতীয় এক্সিম ব্যাংক বছরে ১.৭৫ শতাংশ হারে সুদ নেবে। আড়াই বছরে সরকার সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে- এ দাবি করে খালেদা বলেন, "অর্থনীতি পঙ্গু করে ফেলেছে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের এখন অগ্নিমূল্য। কিন্তু সেদিকে সরকারের দৃষ্টি নেই।" সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, "তারা সংবিধানের ৫১টি সংশোধনী এনে গণতন্ত্র বিনষ্ট করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করছে। জাতীয় সংসদও ভাঙবে না। তাদের অধীনেই নির্বাচন হবে। জনগণ সরকারের এসব সংশোধনী গ্রহণ করেনি।" সভাপতির বক্তব্যে সেলিম ভূঁইয়া বলেন, "এ সরকার শিক্ষকবান্ধব নয়। তারা কেবল দখলবাজী ও সন্ত্রাস নয়, শিক্ষকদেরও ওপর নির্যাতন চালাচ্ছে। ৩ জুলাই কক্সবাজারের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য একজন শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমরা এর প্রতিবাদে আগামী ৭ জুলাই সারাদেশে পূর্ণদিবস হরতাল আহবান করেছি।" অনুষ্ঠানের বিএনপরি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩০১ ঘ.