ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে রোববার থেকে ৩০ ঘণ্টার হরতাল কর্মসূচি বানচালে ক্ষমতাসীন আওয়ামী লীগ 'হুমকি-ধামকি' দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির রাজনৈতিক মিত্র বলে পরিচিত সমমনা ১২ দলের নেতারা।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির আব্দুর রব ইফসুফী।
তিনি জানান, হরতালের সর্মথনে শুক্রবার জুমার নামাজে মসজিদে মসজিদে গণসংযোগ এবং প্রচারপত্রও বিলি করা হবে।
সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি না রাখার প্রতিবাদে এবং নারী উন্নয়ন নীতি ও শিক্ষা নীতি বাতিল করার দাি বতে আগামী ১০ জুলাই সকাল ৬টা থেকে ১১ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ৩০ ঘণ্টা হরতাল ডাকে ওই ১২টি দল।
আব্দুর রব ইউসুফী বলেন, "সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি উঠিয়ে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে প্রতিস্থাপন করার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।"
আন্দোলন বন্ধে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে- এমন অভিযোগ করে তিনি বলেন, "ইসলামের সৈনিকরা হুমকি-ধামকিতে ভীত হয় না বরং ঈমানী চেতনায় বলীয়ান হয়ে ইসলামের পক্ষে আরো শক্ত ভূমিকা নেয়।"
হরতাল আহ্বানকারী ১২টি দল হলো- বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি এবং নেজামে ইসলাম পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২১৫৫ ঘ.
bdnews24