২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত

বিএনপিসহ চার দলের ডাকা হরতালের আগের দিন রাজধানীতে মঙ্গলবার ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের ডাকা হরতালের আগের দিন রাজধানীতে মঙ্গলবার ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রশাসন। আদালতগুলো শুক্রবার সকাল ১২টা পর্যন্ত কাজ করবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহবুবুর রহমান। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালিত হচ্ছে। "ভ্রাম্যমাণ আদলাতগুলো ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী বিভিন্ন অপরাধ দমনের উদ্দেশ্যে কাজ করছে ও সাজা দেবে।" সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানে কয়েকটি দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চারদল। মাহবুবুর বলেন, হরতালকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালত চালু করা হয়নি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতগুলো কাজ করবে। গত মাসে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৩৬ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে সারাদেশে একশ'র মতো হরতাল-সমর্থককে ভ্রাম্যমাণ আদালত সাজা দেয়। ভ্রাম্যমাণ আদালতে হরতালকেন্দ্রিক সাজার ঘটনা এটিই প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৯২২ ঘ.