চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল তারেক-কোকোকে 'রক্ষার' জন্য হরতাল ডেকেছে উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, এই কর্মসূচির পক্ষে এখন আর জনমত নেই।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সদরঘাট জেটিতে ক্যাপিটাল ড্রেজিংয়ের উদ্বোধন করে চট্টগ্রামবাসীর উদ্দেশে মন্ত্রী বলেন, "হরতাল জনগণের স্বার্থে হয়ে থাকলে তা মানুন। শুধু তারেক কোকোকে রক্ষার জন্য হয়ে থাকলে তা মানবেন কি না- তা আপনাদের বিবেকের ওপরই ছেড়ে দিলাম।"
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান বলেন, "হরতাল মানুষের রাজনৈতিক অধিকার। তবে গণতান্ত্রিক দেশে একজন হরতাল ডাকলে আরেকজন হরতালের বিপক্ষে মত দিতে পারেন।"
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চার দল।
অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলে আসছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বাঁচানোর জন্যই এই হরতাল ডাকা হয়েছে।
মুদ্রা পাচারের দায়ে ঢাকার একটি আদালত জুন মাসে আরাফাত রহমান কোকোকে ৬ বছরের কারাদণ্ড দেয়। এছাড়া ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনাকে হত্যার জন্য পরিচালিত গ্রেনেড হামলার ঘটনায় সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়েছে তারেক রহমানকে।
জনমত এখন আর হরতালের পক্ষে নেই উল্লেখ করে বিরোধী দলের উদ্দেশে নৌ পরিবহন মন্ত্রী বলেন, "হরতাল করেন, কোনো সমস্যা নেই। কিন্তু জ্বালাও-পোড়াও করে হরতাল কোন উদ্দেশ্যে?"
অন্যদের মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নূরে আলম চৌধুরী লিটন, সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল ও শামসুল হক চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৯১০ ঘ.
bdnews24