মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপিকে সংলাপে অংশ নিতে ফের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ১৮ জুলাইয়ের পর দলটিকে সংলাপে আসার আহ্বান জানানো হবে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় স্বার্থে আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সংলাপে আসার জন্য আবারো অনুরোধ জানানো হবে। শিগগিরই দলের (মহাসচিব) কাছে এ বিষয়ে চিঠি দেওয়া হবে।"
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্তির পর এটাই হবে কোনো রাজনৈতিক দলকে ইসির প্রথম আমন্ত্রণ। কমিশনের অনুমোদন পেলে দ্রুতই তা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক।
এ মাসের দ্বিতীয়ার্ধে বিএনপির জন্য সংলাপসূচি রাখা হয়েছে উল্লেখ করে এম সাখাওয়াত জানান, ১৮ জুলাইয়ের পর তাদের সঙ্গে বসতে পারে ইসি।
নির্ধারিত সূচি অনুযায়ী আওয়ামী লীগের সঙ্গে ১৮ জুলাই সংলাপের দিন নির্ধারিত আছে। বিএনপি রাজি থাকলে ২০ জুলাই বিএনপির সঙ্গে বসা যেতে পারে বলে ইসি কর্মকর্তারা জানান।
এর আগে বিএনপিকে সংলাপে বসার জন্য দুই দফা আমন্ত্রণ জানায় ইসি। প্রথম দফায় জুনের প্রথম সপ্তাহে পাঠানো চিঠিতে বিএনপিকে ১৩ জুন সংলাপের আমন্ত্রণ জানানো হয়। এতে অংশ না নেওয়ায় ১৯ থেকে ২২ জুনের মধ্যে কোনো এক দিন বসার জন্য আবরো আমন্ত্রণ জানায় ইসি।
জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসিকে বিতর্কিত আখ্যায়িত করে আলোচনায় না বসার কথা জানিয়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার এম সাখাওয়াত হোসেন বলেন, "ওই বক্তব্যের প্রত্যুত্তর দেওয়া হচ্ছে না। গণমাধ্যমের মাধ্যমে তাদের বক্তব্যের বিষয়ে আমরাও তো বলেছি। তবে সংলাপে অংশ নিতে আমরা আবার চিঠি দিচ্ছি।"
জাতীয় স্বার্থে বিরোধী দলেরও সংলাপে আসা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
প্রধান বিরোধী দল বিএনপির পদাঙ্ক অনুসরণ করে তাদের শরিক জামায়াতে ইসলামী, বিজেপি, জমিয়তে উলামায়ে ইসলামও ইসির সংলাপে আসেনি।
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারসহ নির্বাচনী আইনে সংস্কার, জন তহবিল গঠন, সীমানা নির্ধারণ আইন ও বিধি তৈরি এবং নির্বাচন কমিশনার নিয়োগ পদ্ধতি নিয়ে গত ৭ জুন থেকে ইসির এই সংলাপ শুরু হয়।
নিবন্ধিত ৩৮টি দলের মধ্যে ২০টি এবং বিশিষ্ট জন ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ইতোমধ্যে সংলাপ শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৭২১ ঘ.
bdnews24