ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে মগবাজারের ফারুক হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
টুকুকে মঙ্গলবার ভোররাতে গ্রেপ্তারের পর বিকালে তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। তাকে গ্রেপ্তার দেখানো হয় মগবাজারে গাড়িতে আগুন দিয়ে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার মামলায়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য টুকুকে ১০ দিন হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেন।
শুনানি শেষে হাকিম তানভির আহমেদ দুই দিন হেফাজতের আদেশ দেন। টুকু অসুস্থ জানিয়ে তার আইনজীবীরা হেফাজতে (রিমান্ডে) পরে নেওয়ার আবেদন করলেও তা নাকচ হয়।
টুকুর বিরুদ্ধে আরো পাঁচটি মামলা থাকলেও সেগুলোতে তিনি জামিনে রয়েছেন বলে আইনজীবীরা জানান।
গত বছর বিরোধী দলের ডাকা হরতালের আগের দিন ২৬ জুন ফারুক অগ্নিদগ্ধ হন। পরে হাসপাতালে মারা যান তিনি। এ মামলায় বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা আসামি। তবে তারা জামিনে রয়েছেন বলে আসামি পক্ষের আইনজীবীরা জানান।
ভোররাতে গুলশানে এক আত্মীয়ের বাড়ি থেকে টুকুকে গ্রেপ্তার করা হয়।
টুকুর স্ত্রী সায়মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে সাদা পোশাকের পুলিশের একটি দল টুকুকে তুলে নিয়ে যায়।"
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, একাধিক হরতালে গাড়িতে আগুনসহ বিস্ফোরক আইনে বিভিন্ন থানায় যে মামলা রয়েছে তার বেশ কয়েকটিতে টুকু আসামি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চারদল। হরতালের একদিন আগেই গ্রেপ্তার হলেন টুকু।
টুকুর ভাই জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ২১ অগাস্ট মামলার আসামি। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদল বিভিন্ন জেলায় মিছিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/পিবি/আরএ/এমআই/১৬৫০ ঘ.
bdnews24