ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানকেই ২১ অগাস্ট গ্রেনেড হামলার মূল হোতা হিসেবে চিহ্নিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
গ্রেনেড হামলায় খালেদা জিয়ার ছেলেকে আসামির তালিকায় যোগ করে সিআইডির সম্পূরক অভিযোগপত্র দেওয়ার পরদিন সোমবার এক সংবাদ সম্মেলনে আশরাফ বলেন, "আর কেউ নয়, খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানই গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী। হাওয়া ভবনে তার নেতৃত্বে সভা হয়। ওই গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিলো- শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জাতীয় নেতাদের হত্যা করা।"
মামলার আসামিদের প্রায় সবাই হাওয়া ভবনের 'ওই বৈঠকে' উপস্থিত ছিলেন দাবি করে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, "আমাদের কাছে আরো তথ্য আছে, তবে আইনি বাধ্যবাধকতার কারণে এ বিষয়ে এখন আর কিছু বলা যাচ্ছে না।"
২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড মামলায় রোববার আদালতে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে তারেকসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়েছে।
আসামির তালিকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নামও রয়েছে।
ষড়যন্ত্র করে এ মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে জড়ানো হয়েছে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিয়েছে বিএনপি।
বিএনপিকে হুঁশিয়ার করে আশরাফ বলেন, "এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। শেখ হাসিনার সরকারের সময়ই এই বিচার হবে। হরতালসহ কোনো হুমকিই এ বিচার থামাতে পারবে না।"
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সৈয়দ আশরাফ বলেন, "বিএনপি ক্ষমতায় থাকতে (তখনকার) ক্ষমতার কেন্দ্রবিন্দু, যেখান থেকে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো- সেই হাওয়া ভবনেই কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারসহ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা হয়েছিলো।"
২১ আগস্ট মামলার স্বাক্ষ্য গ্রহণের সময় অনেক কিছুই জানা যাবে, অনেক সত্য বেরিয়ে আসবে- মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওই হামলার 'মূল পরিকল্পনাকারী' তারেক রহমানকে বাঁচাতেই বিএনপি ও সমমনা দলগুলো বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে মন্তব্য করে আশরাফ বলেন, "তারেক রহমানকে রক্ষা করাই হরতালের একমাত্র ইস্যু। বাকিগুলো ক্ল্যামোফ্লেজ।"
সংবিধান সংশোধনের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট রোববার এই হরতালের ঘোষণা দেয়।
এই হরতাল কর্মসূচির নিন্দা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণের শাসনে বিশ্বাস করলে বিএনপির উচিৎ দেরি না করে এই হরতাল প্রত্যাহার করা।
হতাশ কণ্ঠে আশরাফ বলেন, "পৃথিবীর অনেক দেশেই রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে এবং তার বিচারও হয়েছে। কেবল বাংলাদেশই ব্যতিক্রম। বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে জাতির পিতাকে হত্যার পর ১৯৯৬ সালে সঠিক বিচার শুরু হয়। আবার, সেই বিচারের রায়ও কার্যকর হয়- আওয়ামী লীগ তৃতীয়বার ক্ষমতায় আসার পর।"
২১ আগস্ট হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য আহতদের ওপর টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা করেছিল- তাদের শাস্তি না দিয়ে 'পুরস্কৃত' করা হয়েছিল এবং তদন্তের ক্ষেত্রে 'জজ মিয়া' নাটক সৃষ্টি করে মামলার ধারা বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল অভিযোগ করে আশরাফ বলেন, "সভ্য সমাজে এমন নজীর নেই।"
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ওই গ্রেনেড হামলার পর আলামত নষ্টের চেষ্টা করেছিলো অভিযোগ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "এজন্য আমরা ব্যাথিত, দুঃখিত।"
২১ আগস্ট মামলার সত্য উদঘাটনে কোনো আন্তর্জাতিক চাপ আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, "কোনো আন্তর্জাতিক চাপ নেই। আন্তর্জাতিক সমাজ তো আমাদের মতো অসভ্য নয়। এখানে চুরি করলে, ডাকাতি করলে, সরকারের জমি দখল করলে, ভূমি দস্যু হলে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বলৎকার করলে বিচার হবে না।"
গ্রেনেড হামলার বিচার শুরু হওয়ায় বিএনপির স্বাগত জানানো উচিত ছিলো বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
তিনি বলেন, "হরতাল না ডেকে, তাদের বলা উচিত- তারা এই বিচারের পক্ষে। তাদের বলা উচিত- তারা আইনের শাসনের পক্ষে।"
আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের দেওয়ালে লাগানো ২১ আগস্টের হামলার ছবি সংবলিত দলীয় পোস্টারগুলো দেখিয়ে আশরাফ সাংবাদিকদের বলেন, "এই ছবি কী মিথ্যা বলে? আপনারা যারা সেদিন সেখানে ছিলেন- আপনারা কী দেখেননি? এই সত্য কী অস্বীকার করা যাবে? কেউ কী বলতে পারবে- এই হত্যাকাণ্ড পরিকল্পিত ছিলো না?"
সংবাদ সম্মেলনের শেষ দিকে এসে টেবিল চাপড়ে আশরাফ বলেন, "এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারেক রহমান। আর কেউ নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৮৫০ ঘ.
bdnews24