ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা ভোটে জিততে পারে না, তারাই ক্যান্টনমেন্টকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।
সোমবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, " যে সব রাজনৈতিক দল নির্বাচনে হারে, তারাই রাষ্ট্রক্ষমতা দখলের সহজ রাস্তা হিসেবে এ পথ বেছে নেয়।"
সন্ত্রাস দমনে বাংলাদেশের জাতীয় কৌশলপত্র প্রণয়ন বিষয়ে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী।
অনুষ্ঠানে পঞ্চম সংশোধনী বাতিল ও সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা বলেন তিনি।
রিজভী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুপ্রশস্ত করতেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে।
"তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, কিন্তু সংবিধান সংশোধনের মূল স্পিরিট নিয়ে কথা বলছেন কম লোকই", বলেন তিনি।
নির্বাচন সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন আরো শক্তিশালী হচ্ছে বলেও প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা মন্তব্য করেন।
তিন মাসের জন্য দায়িত্ব নিয়ে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর দায়িত্ব পালনের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাজনৈতিক হত্যাকাণ্ড এবং বোমা হামলার বিভিন্ন ঘটনা তুলে ধরে রিজভী বলেন, বাংলাদেশ দীর্ঘকাল ধরে সন্ত্রাসবাদের স্বীকার।
তিনি বলেন, সন্ত্রাসবাদের মূলোৎপাটনে বেসামরিক ও সামরিক প্রশাসনকে পারস্পরিক সহযোহিতার ভিত্তিতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন বলেন, সন্ত্রাস মোকাবেলার কৌশল ঠিক করার সময় আইনের শাসন ও মানবাধিকারের বিষয়টিতেও সমান নজর রাখতে হবে।
বাংলাদেশের ৮০ ভাগ মানুষের বয়স ৪০ ভাগের নিচে জানিয়ে সম্ভাবনাময় এ তারুণ্য যেন সন্ত্রাসবাদের খপ্পরে না পড়ে, সে দিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শও দেন তিনি।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ফারুক সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিভিন্ন কর্মকর্তা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৩০০ ঘ.
bdnews24