ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস রক্ষা কমিটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা আধাবেলা হরতালে রাজধানীতে তিনজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, মো.সাইদুল ইসলাম বাবুল (৫৪), মো. হাবিবুর রহমান রনি (২২) ও আমির হোসেন মোল্লা (৪৪)।
এদের সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী।
শ্যামপুর থানার ওসি মিয়া কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১১টার দিকে শ্যামপুর রেলগেট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা অভিযোগে ১২ জনকে আটক করা হয়। পরে এদের মধ্যে ওই তিনজনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাসের কারাদণ্ড দেয়। ছয় জনকে আদালতে পাঠানো হয়।
এ ছাড়া আদালতের নির্দেশে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ বিভাগ) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে রাজধানীতে ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এর আগে বিএনপি ও জামায়াতের ৩৬ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে সারাদেশে একশ'র মতো হরতাল সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচিতে ওইবারই প্রথমবারের মতো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৩৯ ঘ.
bdnews24