ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত হলেও আওয়ামী লীগের অধীনে আগামী নির্বাচনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
রোববার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "আপনারা কী মনে করেন- বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে? আমার সঙ্গে এ বিষয়ে কারো কথা হয়নি। খবরের কাগজে যেটুকু জেনেছি- মনে হচ্ছে, পুরো বিষয়টি এখনো ওপেন। প্রধানমন্ত্রী তো এখনো বিরোধী দলসহ চার দলীয় জোটকে বলছেন, 'আপনারা আসেন-আলাপ করি।'"
সিইসি মনে করেন, পুরো বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না।
"পুরো জিনিসটা চূড়ান্ত হয়ে ফাইনালাইজড না হওয়া পর্যন্ত, এর রূপরেখা কী- সব না জেনে এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। (এ অবস্থায়) আমাদের কোনো বক্তব্যের গুরুত্ব থাকবে না, উপযুক্ততাও পাবে না। এটি এখনো রাজনৈতিক পর্যায়ে রয়েছে।"
গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। সংশোধিত সংবিধানে বলা হয়েছে, সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে নির্বাচন হবে। ওই সময় সংসদ ভেঙে দেওয়া না হলেও অধিবেশন বসবে না। সরকারের মন্ত্রিপরিষদ রুটিন কাজ চালিয়ে নেবে এবং নির্বাচন পরিচালনায় ইসিকে সব ধরনের সহায়তা দেবে।
সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সরকারের ওই ৯০ দিন সময়কে উল্লেখ করছেন 'অন্তবর্তীকালীন' হিসেবে।
পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের উদ্দেশে বলেন, সংবিধান সংশোধনের পরও বিরোধী দল কোনো ন্যায্য প্রস্তাব দিলে তা বিবেচনা করা হবে।
আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে উদ্ধৃত করে সিইসি রোববার বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এটা শিল্পকলা।
এটিএম শামসুল হুদা বলেন, "এখনো আমরা দেখছি- বিষয়টি ওয়াইড ওপেন। সবাই বলছে- রাজনীতির মধ্যে শেষ নেই। আওয়ামী লীগ সম্পাদক বলেছেন-এটা শিল্পকলা। এ শিল্পকলার মধ্যে আরো কী হবে তো আমরা জানি না। এ কলা পূর্ণ হয়ে পূর্ণ রূপ পেলেই বুঝতে পারবো- কী হতে যাচ্ছে, কী হচ্ছে না।"
সব কিছু চূড়ান্ত হওয়ার পরই ইসি করণীয় নির্ধারণ করবে বলে সিইসি জানান।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৭০২ ঘ.
bdnews24