গাইবান্ধা/খাগড়াছড়ি, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- গাইবান্ধার ফুলছড়ি ইউনিয়নে শনিবার রাতে নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। পুলিশ গুলি ছুড়ে তা ঠেকায়। অন্যদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরাজিত এক প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হয়েছে ১০ পুলিশ সদস্য।
শনিবার ফুলছড়ি উপজেলায় ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়।
ফুলছড়ি থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, চরজামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ঘোষণার পর সন্ধ্যা ৭টার দিকে পরাজিত সদস্য প্রার্থী অগু মিয়ার সমর্থকরা নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের এক ঘণ্ট অবরোধ করে রাখে। তারা ব্যালট বাক্স ছিনতাইয়েরও চেষ্টা চালায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে শটগানের ১৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একই ইউনিয়নের দেলুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে পরাজিত সদস্য প্রার্থী তোফা আলীর সমর্থকরা ভাংচুর শুরু করলে জয়ী প্রার্থী এমদাদুল হকের সমর্থকদের সঙ্গে তাদের মারামারি বাঁধে বলে পুলিশ জানায়। পরে পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষকে হটিয়ে দেয়।
এদিকে কঞ্চিপাড়া ইউনিয়নের কাইয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের পর ফল প্রকাশে দেরি হওয়ায় বিভিন্ন প্রার্থীর সমর্থকরা গোলমাল শুরু করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত সদস্য প্রার্থী নুরুল ইসলামের সমর্থকদের হামলায় খাগড়াছড়ির সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলামসহ ১০ পুলিশ সদস্য আহত হন।
আহত মাহফুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে খাগড়াছড়ির পুলিশ সুপার আবু কালাম ছিদ্দিক জানিয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুইমারা থানার ওসি স্বপন কুমার আইচ সাংবাদিকদের বলেন, রাত সোয়া ৮টার দিকে মুসলিমপাড়া কেন্দ্রে ভোট গণনা শেষে নুরুল ইসলামের সমর্থকরা পুনরায় ভোটগ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে। পুলিশ তাদের হটাতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫৫ ঘ.
bdnews24