ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের ভাগ্য নিয়ে কেউ যাতে আর ছিনিমিনি খেলতে না পারে- সেজন্যই সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীতে এক জনসভায় প্রধান বিরোধী দল বিএনপির প্রতি ইংগিত করে তিনি বলেন, "অবৈধ ক্ষমতা দখলকারী সামরিক শাসকের পকেট থেকে তাদের জন্ম। তারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। সংবিধানের এই সংশোধনী তাদের পছন্দ না হওয়ারই কথা।"
শেখ হাসিনা বলেন, "জনগণ ভোট দেবে, সরকার গঠন করবে এবং জনগণই ক্ষমতায় থাকবে।"
বৃহস্পতিবার জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পর এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, সংবিধান এখন আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
এরপর শুক্রবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে নয়, এবার সরকারপতনের জন্য আন্দোলন শুরু হবে।
হাজারীবাগ কোম্পানিঘাট বেড়ি বাধে স্থানীয় থানা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় বক্তৃতা দেওয়ার আগে হাজারীবাগে শেখ রাসেল উচ্চ বিদ্যালয় এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
এছাড়া সেখানে ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স স্টেশনও তিনি উদ্বোধন করেন।
জনসভায় দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা দাবি করেন, পঁচাত্তরের পর কোনো সরকারই রাজধানীর উন্নয়নে কোনো কাজ করেনি।
আওয়ামী লীগ ছাড়া যে যখনই ক্ষমতায় ছিলো- তারা তরুণ সমাজের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছে উল্লেখ করে দলটির সভানেত্রী শেখ হাসিনা বলেন, "এরা ক্ষমতায় থেকে শুধু অবৈধভাবে বিত্তশালীই হয়েছে। জনগণের জন্য কোনো কাজ করেনি।"
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়ে শেখ হাসিনা বলেন, "বিশ্বব্যাপী খাদ্যশস্যের দাম বেড়েছে। তারপরও যতো টাকা লাগে, বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করা হবে। কোনোভাবেই মানুষকে কষ্ট দেওয়া হবে না।"
আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে খাদ্যশস্যের দাম 'অনেক কম' দাবি করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা বিদেশ থেকে বেশি দামে চাল কিনে এনে, কম দামে বিক্রি করছি।"
পরিবেশের কথা চিন্তা করে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোকে সাভারে সরিয়ে নেওয়ার উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য ফজলে নূর তাপস, মোস্তফা জালাল মহিউদ্দিন, এ কে এম রহমতুল্লাহ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জনসভায় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২১০৭ ঘ.
bdnews24