ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শর্ত সাপেক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে সমর্থন জানিয়েছে গণতন্ত্রী পার্টি।
দলটি ইভিএমকে স্মার্ট কার্ড ব্যবহার-উপযোগী করার সুপারিশ করেছে।
বৃহস্পতিবার গণতন্ত্রী পার্টির সভাপতি মো. আফজালের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
ইভিএমের বিষয়ে দলটির সভাপতি বলেন, ইভিএমে অধিকতর নিরপেক্ষতা ও স্বচ্ছতা আনতে ভোটারদের স্মার্ট কার্ড সংযোজন, ভোটারদের টিপসই যুক্ত করা উচিত। ভোটার শনাক্তকরণের জন্য ভোটারের উচ্চতা, গায়ের রং, চোখের রং ও শরীরের বিশেষ চিহ্ন যুক্ত করার জরুরি।
স্মার্ট কার্ড হলো ইন্টিগ্রেটেড সার্কিট যুক্ত বিশেষ কার্ড, যার মধ্যে ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকবে।
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশে আরো সংস্কারেরও পরামর্শ দিয়েছে গণতন্ত্রী পার্টি।
যেসব সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি বিক্রি কিংবা সংসদ সদস্য কোটায় কেনা প্লট বিক্রি করেছেন এবং যে ব্যক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপেরও দাবি জানিয়েছে দলটি।
এ ছাড়া জনতহবিল আইনেরও বিরোধী গণতন্ত্রী পার্টি।
তারা বলছে, রাজনৈতিক দলকে নগদ অর্থ দেওয়ার প্রয়োজন নেই। কমিশন নির্বাচনী খরচ দিতে চাইলে নগদ অর্থ না দিয়ে রেডিও, টেলিভিশন, পত্রিকাসহ সব গণমাধ্যমে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার প্রচার এবং রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের সমহারে পোস্টার, লিফলেট, ব্যানারসহ নির্বাচনী উপকরণ বিতরণ করতে পারে।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও ইসি সচিব মোহাম্মদ সাদিকসহ বুয়েট ও বিএমটিএফ কর্মকতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এএল/২০২৩ ঘ.
bdnews24