ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধান সংশোধনের প্রক্রিয়ার বিষয়ে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
সংবিধান সংশোধনের সরকারের উদ্যোগ 'সন্দেহজনক ও ষড়যন্ত্রমূলক' বলেও মনে করেন তিনি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, "তড়িঘড়ি করে সরকারের সংবিধান সংশোধনের এ উদ্যোগ সন্দেহজনক ও ষড়যন্ত্রমূলক। এ বিল পাস হলে দেশে নৈরাজ্যকর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। এর জন্য সরকারই দায়ী থাকবে।"
পঞ্চদশ সংবিধান সংশোধন বিল সংসদীয় কমিটির পর্যালোচনার পর বুধবারই সংসদে উপস্থাপন হয়েছে।
বিএনপি নেতা মোশাররফ বিল প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সংসদীয় কমিটিকে দুই সপ্তাহ সময় দেওয়া হলেও তারা চার দিনে কাজ শেষ করায় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলেও দুটি নির্বাচন অন্তর্র্বতীকালীন এ সরকারের অধীনে হতে পারে বলে মত জানানো হয়।
"সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি। এর আগেই আংশিক রায়ের ভিত্তিতে সংবিধান সংশোধনের সরকারের উদ্যোগ ষড়যন্ত্রমূলক", বলেন মোশাররফ।
দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত আবার জানান তিনি।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে 'তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত, আজ্ঞাবহ নির্বাচন কমিশন : প্রেক্ষিত দেশের ভবিষ্যৎ' শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোশাররফ।
সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24