ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচার মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কারাদণ্ডাদেশ হওয়ার দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আর কাউকে অর্থ পাচার করতে দেওয়া হবে না।
সোমবার সংসদে বাজেট আলোচনায় একথা বলেন তিনি।
মুদ্রাপাচার মামলায় গত ২৩ জুন ঢাকার আদালত কোকোকে ছয় বছর কারাদণ্ড দিয়েছে। জরিমানা করেছে ১৯ কোটি টাকা।
সংবিধান সংশোধন নিয়ে বিএনপির আন্দোলনের হুমকির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কাউকে আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে।"
সংবিধান সংশোধনে সরকারি উদ্যোগের বিরোধিতা করে বিএনপি এরই মধ্যে দুদিন হরতাল ডাকে। মঙ্গলবার তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা।
সরকারি দলের অভিযোগ, আন্দোলনের নামে 'অরাজক' পরিস্থিতি তৈরি করতে চাইছে বিরোধী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৩০ ঘ.
bdnews24