২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফকে নাইকোর ঘুষ অনুসন্ধানে দুদক

নাইকোর কাছ থেকে বিএনপি-জামায়াত জোট সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের ঘুষ নেওয়ার বিষয়টি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকোর কাছ থেকে বিএনপি-জামায়াত জোট সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের ঘুষ নেওয়ার বিষয়টি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য দুদকের সহকারী পরিচালক এস এম সাইদুর রহমানকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনা অনুসন্ধান করতে ১৫ কার্যদিবস সময় পাবেন তিনি। দুদক চেয়ারম্যান ড. গোলাম রহমান সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নাইকোর কাছ থেকে এ কে এম মোশাররফ হোসেন ঘুষ নিয়েছেন কি না তা খতিয়ে দেখতে সাইদুর রহমানকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।" ঘটনাটি অনুসন্ধান করতে নিয়ম অনুযায়ী ১৫ কার্য দিবস সময় দেওয়া হয়েছে- জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, "তবে এই সময়ে না হলে আরো ১৫ কার্য দিবস সময় পাবেন তিনি।" বাংলাদেশে গ্যাসকূপে বিস্ফোরণের পর ক্ষতিপূরণ এড়াতে মোশাররফ হোসেনকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করায় ২৪ জুন নাইকোকে ৯৫ লাখ ডলার জরিমানা করে কানাডার একটি আদালত। ২০০৫ এর জানুয়ারিতে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের পর মোশাররফ নাইকোর কাছ থেকে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। ব্যাপক সমালোচনার মুখে ওই বছরের ১৮ জুন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব ছেড়েছিলেন মোশাররফ। আদালতে নাইকো স্বীকার করে, ২০০৫ সালের মে মাসে মোশাররফকে প্রায় ২ লাখ ডলার দামের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার উপঢৌকন দেয় তারা। এরপর তাকে বিভিন্ন স্থানে ভ্রমণ বাবদ ৫ হাজার ডলার দেওয়া হয় তাকে। ওই সময় ক্যালগারিতে এক জ্বালানি সম্মেলনে অংশ নিয়েছিলেন মোশাররফ। তখনই লেনদেন হয়। রায়ের পর কানাডাভিত্তিক কোম্পানি নাইকোর প্রধান নির্বাহী কর্মকর্তা এড স্যাম্পসন বলেন, "তখন যা হয়েছিলো (ঘুষ দেওয়া), তা ভুল হয়েছিলো। আমরা তা স্বীকার করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/পিডি/১৮২৯ ঘ.

এ সম্পর্কিত আরো খবর