২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জনমত নয়, এই সরকার পুলিশ নির্ভর'

মহাজোটের প্রতি জনগণের সমর্থন শূন্যের কোটায় নেমে এসেছে দাবি করে ইসলামী ঐক্যজোটের একাংশের আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, পুলিশের ওপর নির্ভর করেই এই সরকার দেশ চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটের প্রতি জনগণের সমর্থন শূন্যের কোটায় নেমে এসেছে দাবি করে ইসলামী ঐক্যজোটের একাংশের আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, পুলিশের ওপর নির্ভর করেই এই সরকার দেশ চালাচ্ছে। শুক্রবার রাজধানীর লালবাগে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন থানার নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন। আমিনী বলেন, "সরকার জনমত নয়, শুধু পুলিশের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে। পুলিশ সমর্থন প্রত্যাহার করলে তারা এক মুহূর্তও টিকতে পারবে না।" প্রশাসনে আঞ্চলিকতার জোয়ার বইছে অভিযোগ করে তিনি বলেন, গোপালগঞ্জ থেকে আসা পুলিশ সদস্যদের পদোন্নতি দিয়ে ওই বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। "সরকার শুধু দেশবিরোধীই নয়, তারা কোরআনবিরোধী। কোরআন ও ইসলামকে ধ্বংস করে সরকার ফেরাউন নমরুদের মতো আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে।" গত দুই মাস ধরে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন নারী উন্নয়ন নীতির বিরোধিতাকারী এ নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/এএল/২০৪২ ঘ.