২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল করতে কোকোকে দেশে আসতে হবে: শফিক

আরাফাত রহমান কোকোর মুদ্রাপাচার মামলার রায় নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আপিল করতে হলে কোকোকে অবশ্যই দেশে আসতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর মুদ্রাপাচার মামলার রায় নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আপিল করতে হলে কোকোকে অবশ্যই দেশে আসতে হবে। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, "সাক্ষীদের স্বাক্ষ্য এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই আদালত রায় দিয়েছে। তথ্য-উপাত্ত ছাড়া কোনো রায় হতে পারে না।" মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে ছয় বছর কারাদণ্ড ও আর্থিক জরিমানা করে ঢাকার জজ আদালত। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, "এ রায় ছিলো পূর্ব নির্ধারিত। সরকার প্রতিহিংসামূলকভাবে জিয়াউর রহমানের পরিবারকে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা সাজিয়ে এই রায় দিয়েছে।" শুক্রবার রাজধানীর রিজেন্সি হোটেলে ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট ৩২৮-এর জেলা সম্মেলনে শফিক আহমেদ বলেন, "এই রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে কোকোকে অবশ্যই দেশে আসতে হবে।" তিনি জানান, দুর্নীতি দমন কমিশন কোকোর বিরুদ্ধে এ মামলা দায়ের করে। তারাই স্বাধীনভাবে মামলাটি পারিচালনা করেছে। রায়ের পর বিএনপিপন্থী আইনজীবীদের আন্দোলনের হুমকি প্রসঙ্গে আইন মন্ত্রী বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা সবার কর্তব্য। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সভ্য ও গণতান্ত্রিক সমাজে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। শহরের বস্তি এলাকায় বসবাসরত শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান শফিক আহমেদ। ইনার হুইল ক্লাবের চেয়ারম্যান তাহেরা মোজাফ্ফরের সভাপতিত্বে অন্যদের মধ্যে ক্লাবের জাতীয় প্রতিনিধি সোফিয়া কবীর, নব নির্বাচিত জাতীয় প্রতিনিধি অধ্যাপক শামসুন্নাহার মাসুদ, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আখতার জাহান, সাবেক ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ফারহাদ রহিম ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজা খানম বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৫৩৮ ঘ.