চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের প্রতিষ্ঠাবার্ষিকীতেও আলাদা সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ।
দলের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন ও সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি'র অনুসারীরা।
উভয়পক্ষ শোভাযাত্রাও করে আলাদাভাবে। ফলে সপ্তাহের শেষ দিনে সকাল ও বিকাল দুই বেলায় শোভাযাত্রা হওয়ায় দুই সময়েই যানজটের ধকল পোহাতে হয় নগরবাসীকে।
রেল স্টেশনের সমাবেশে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করার আহ্বান জানান মহিউদ্দিন। তিনি বলেন, আওয়ামী একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। ৬২ বছর ধরে শৃঙ্খলাবদ্ধ থেকেই সাংগঠনিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ড. অনুপম সেন বলেন, এদেশের শোষিত, বঞ্চিত, নিপীড়িত অধিকারহারা গণমানুষের মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগের জন্ম।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া, সংসদ সদস্য এমএ লতিফ, নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, ইফতেখার সাইমুল চৌধুরী।
শহীদ মিনার চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এবং নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসারুল আমীন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরক্ষরতা-ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে।
এ সমাবেশে বক্তব্য রাখেন নগর কমিটির কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
আলাদা সমাবেশ আয়োজন সম্পর্কে ইব্রাহিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সবসময়ই দলের ঐক্য চাই। নগর কমিটি নিয়ে দলীয় সভানেত্রী যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা সাদরে গ্রহণ করবো।"
বিগত সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগে দ্বন্দ্ব চরমে ওঠে। দ্বন্দ্ব নিরসনে গত ২৬ ফেব্র"য়ারি চট্টগ্রাম সার্কিট হাউজে নেতাদের সঙ্গে বৈঠক করেন দলপ্রধান শেখ হাসিনা।
ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য শেখ হাসিনা নির্দেশ দিলেও এরপর গত চার মাসে প্রতিটি সাংগঠনিক কর্মসূচি আলাদাভাবেই পালন করছে দুই পক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২০২৫ ঘ.
bdnews24