২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর সাজার প্রতিবাদে বগুড়া বিএনপির ৭দিনের কর্মসূচি

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাজার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

বগুড়া, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাজার প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার বগুড়া শহরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির নেতারা। এর আগে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরে এক বিক্ষোভ মিছিল বের হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, রেজাউল করিম বাদশা, যুবদল সভাপতি খায়রুল বাশার, ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ জুন জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, একই দিনে উপজেলা পর্যায়ে বিএনপির বিক্ষোভ, ২৬ জুন জেলা যুবদলের বিক্ষোভ, ২৭ জুন আইনজীবী ফোরামের বিক্ষোভ, ২৮ জুন জেলা বিএনপির বিক্ষোভ, ২৯ জুন শ্রমিক দলের বিক্ষোভ কর্মসূচি এবং ৩০ জুন বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি সমাবেশ। সাইফুল ইসলাম জানান, কর্মসূচির শেষ দিনে প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্যান্ডিং কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান বক্তা থাকবেন চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল মাহমুদ টুকু। এই সমাবেশ থেকে আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১৪ ঘ.