২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির নেতা বিমান হত্যার সব আসামিকে অব্যাহতি

রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত হওয়ায় খুলনার ইসলামী ছাত্রশিবির নেতা আমিনুল ইসলাম বিমান হত্যার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, সিপিবি ও জাসদের ২০ নেতাকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

খুলনা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত হওয়ায় খুলনার ইসলামী ছাত্রশিবির নেতা আমিনুল ইসলাম বিমান হত্যার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, সিপিবি ও জাসদের ২০ নেতাকর্মী। বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মঈনুল হক অব্যাহতির এ আদেশ দেন। এ মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের পর শুনানি শেষে এ আদেশ দেন তিনি। অব্যাহতি প্রাপ্তরা হলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএম মুজিবর রহমান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শহীদুল হক মিন্টু, শেখ জাহাঙ্গীর আলম ও মোস্তাফিজুর রহমান সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খুলনা নগরের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সভাপতি একেএম বেদুঈন, ছাত্র ইউনিয়ন নেতা মোহম্মদ আলী, মহেন্দ্র নাথ সেন, জাসদের ইসমাইল হোসেন, ওয়ার্কার্স পার্টির আবম নুরুল আলম, ছাত্র মৈত্রীর সাবেক কেন্দ্রীয় দীপংকর সাহা দীপু, খুলনার নেতা মোস্তফা খালিদ খসরু, শামীম ইমাম ও আবিদ হোসেন পনি, পূজা পরিষদ নেতা জগন্নাথ দত্ত, আকতার হোসেন, মিজানুর রহমান লাভলু এবং মৃত মঞ্জুর মোর্শেদ মুকুল ও জাহাঙ্গীর আলম। ১৯৯২ সালের ২৫ মার্চ সন্ধ্যায় খুন হন ছাত্রশিবির নেতা বিমান। মামলায় অভিযোগ করা হয়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মিছিল থেকে নগরীর শান্তিধাম মোড়ের শিবিরের কার্যালয়ে হামলা চালানো হয়। তখন ফিরোজ আহমেদের নির্দেশে ছাত্র ইউনিয়ন নেতা বেদুঈন হকিস্টিক দিয়ে বিমানের মাথায় আঘাত করেন। অন্য আসামিরা লোহার রড, লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে বিমানকে আঘাত করে। আহত বিমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। ওই ঘটনার পরদিন শিবিরের তৎকালীন খুলনা মহানগর সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস বাদি হয়ে খুলনা সদর থানায় ২৪ জনকে আসামি করে মামলা করেন। ১৯৯২ সালের ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৯৪০ ঘ.