ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের সফররত আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যালান ডানকান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটি 'গ্রহণযোগ্য' সমাধান বের করে নিতে পারবে।
বুধবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ব্রিটিশ মন্ত্রী বিরোধী দলীয় নেতার সঙ্গে তার আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
এক প্রশ্নের জবাবে অ্যালান ডানকান বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়টি বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয়। আমরা মনে করি, বাংলাদেশের টেকসই গণতন্ত্রের জন্য দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধান বের করবে।''
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ঘন্টাব্যাপী সাক্ষাতকালে দ্বি-পাক্ষিকসহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স ও ডিএফআইডি'র (ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) কর্মকর্তা এবং বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৪২ ঘ.
bdnews24