ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তনের দাবিতে আন্দোলনের জন্য শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেছেন, ''১৯৯৬ সালে আওয়ামী লীগ এ পদ্ধতির দাবিতে রক্তক্ষয়ী আন্দোলন করেছিলো। এখন প্রধানমন্ত্রী বলছেন, এ ব্যবস্থার প্রয়োজন নেই। তাহলে আপনি আগে জনগণের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান।"
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগের মুখে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। বিএনপি তখন তা মেনে নিতে নারাজ ছিলো।
কিন্তু ১৫ বছর পর সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী অবৈধ বলে রায় দেওয়ার পর সরকার সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাতে বাদ পড়ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
কিন্তু বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। সরকার পরিবর্তনের সময় অন্তর্র্বতীকালীন এ পদ্ধতি বাতিল হলে নির্বাচনে না যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা।
ফখরুল বলেন, "কিছুদিন আগে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কাছে গিয়ে বলেছিলেন, ৯০ দিনের মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার থাকবে। এর কিছুদিন পর তিনি ইউ টার্ন নিয়ে বলছেন, এ ব্যবস্থা রাখার সুযোগ নেই।"
"আওয়ামী লীগ নিজেদের সুবিধার জন্য সবকিছু করতে পারে। '৭৫ সালে ১১ মিনিটে তারা গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলো", বলেন তিনি।
জাগপা ছাত্রলীগ আয়োজিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখার আগে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ফখরুল।
সেখানে সমাবেশে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বিশেষ কমিটির ৫১টি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দিয়ে সরকার দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।"
ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ডের কমিশনার ও বিএনপি নেতা চৌধুরী আলমের সন্ধান দাবিতে এ মানববন্ধন করে 'চৌধুরী আলম মুক্তি ও উদ্ধার পরিষদ'।
চৌধুরী আলমের সন্ধান দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, "আজ দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি নেই। সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে গুম, হত্যা ও নির্যাতন চালাচ্ছে। দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।"
মানববন্ধন কর্মসূচিতে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, চৌধুরী আলমের স্ত্রী হাসিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
প্রায় এক বছর ধরে নিখোঁজ চৌধুরী আলম। তার পরিবারের দাবি, সরকারি সংস্থার কেউ তাকে ধরে নিয়ে গেছে। তবে সরকারের পক্ষ থেকে সে অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.
bdnews24