২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নব নির্বাচিত চেয়ারম্যান হত্যা মামলায় গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চাঁন মিয়াকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

মাদারীপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চাঁন মিয়াকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টায় কালকিনি থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। রোববার অনুষ্ঠিত নির্বাচনে চাঁন মিয়া জয়লাভ করেন। শনিবার রাতে ইউ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় মহব্বত আলী সরদার নামে এক বৃদ্ধ খুন হন। চাঁন মিয়াকে সেই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। কালকিনি থানার ওসি এ কে এম শাহিন ম-ল সাংবাদিকদের জানান, সোমবার সকালে সিডি খান ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশ খবর পেয়ে এসব স্থানে গিয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হালিম মোল্লা, আবদুস সোবাহান ও রাজীব নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নবনির্বাচিত চেয়ারম্যান চাঁন মিয়া গ্রেপ্তারকৃতদের খোঁজ-খবর নিতে বিকালে থানায় এলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি। ওসি আরো বলেন, চাঁন মিয়া পুলিশ হেফাজতে রয়েছেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০৬ ঘ.