২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিন বিক্ষোভ করবে বিএনপি-জামায়াত

সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যর্থতার প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যর্থতার প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে আলাদা সংবাদ ব্রিফিংয়ে দল দুটি এই কর্মসূচি ঘোষণা করে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সার ও কৃষি পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২১ জুন; জ্বালানি তেল ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বৃদ্ধি এবং যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৮ জুন সারাদেশে বিক্ষোভ করবে তার দল। আর পূঁজিবাজার নিয়ন্ত্রণে সরকারের 'ব্যর্থতার' প্রতিবাদে ২৩ জুন ঢাকা ও চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামী কার্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম একই দিনে একই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার দাবিতে গত ৫ জুন সকাল-সন্ধ্যা এবং ১২ ও ১৩ জুন ৩৬ ঘণ্টা হরতাল করে বিএনপি-জামায়াত। শনিবার কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, "আমাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে এক মাসের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপিসহ চারদলীয় শরিক ও সমমনা দলগুলোও যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।" ১২ ও ১৩ জুন হরতালে 'পুলিশি নির্যাতন' ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রতিবাদে ১৫ জুন ঢাকায় ও পরদিন বিএনপি ও জামায়াত ১৬ জুন সারাদেশে বিক্ষোভ করে। নতুন কর্মসূচি ঘোষণা করার আগে নয়াপল্টনে জাগপা, এনপিপি, এনডিপি, লেবার পার্টি, ন্যাপসহ কয়েকটি সমমনা দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জামায়াতের সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল বলেন, "দেশ আজ নানা সঙ্কটের কবলে। পানি, গ্যাস, বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার চরম অবনতি রোধ করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।" এই অবস্থা থেকে উত্তরণে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে তিনদিনের কর্মসূচির ঘোষণা করেন তিনি। তিনি জানান, সার, বীজ ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২১ জুন দেশের সব জেলা ও উপজেলায় সমাবেশ এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ তার দল। এছাড়া পুঁজিবাজার 'কেলেঙ্কারির' সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ২৩ জুন ঢাকা ও চট্টগ্রামে এবং জ্বালানি তেল এবং সিএনজির দাম বাড়ানোর প্রতিবাদে ২৮ জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরআর/জেকে/১৪০১ ঘ.

এ সম্পর্কিত আরো খবর