ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া।
ওইদিন সন্ধ্যা ৬টায় বিএনপি চেয়ারপার্সন খালোদ জিয়ার গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার এই সংবাদ সম্মেলন হবে।
"তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারাসহ দেশের চলমান নানা ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিস্তারিত তুলে ধরবেন।"
সংবাদ সম্মেলনের বিষয়বস্তু নিয়ে মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়া দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে আলোচনা করেন। এতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এমকে আনোয়ার, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৩৫ ঘ.
bdnews24