২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্মুদ্রিত সংবিধান নিয়ে রিট আবেদনের শুনানি ২০ জুন

পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে পুনর্মুদ্রিত সংবিধান নিয়ে করা রিট আবেদনের শুনানি হবে আগামী ২০ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনীর রায়ের আলোকে পুনর্মুদ্রিত সংবিধান নিয়ে করা রিট আবেদনের শুনানি হবে আগামী ২০ জুন। রাষ্ট্রপক্ষের করা সময় আবেদনে মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও মো. শওকত হোসেন শুনানির জন্য এ তারিখ ঠিক করে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে সময়ের আবেদন করেন। গত ৬ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুল হালিম এ রিট আবেদনটি করেন। পরে ১৩ জুন আদালত শুনানির দিন ঠিক করে। হরতালের কারণে ওই দিন শুনানি হয়নি। পুনর্মুদ্রিত সংবিধানের প্রস্তাবনার ফুটনোট-১, ৩৮ অনুচ্ছেদ ও এর ফুটনোট-১ এবং ৯৯ অনুচ্ছেদ এবং এর ফুটনোট-৩ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করার বিষয়ে আদালতের আদেশ চেয়েছেন ব্যারিস্টার হালিম। একইসঙ্গে পুনর্মুদ্রিত সংবিধানের এসব অনুচ্ছেদের কার্যকারিতা স্থগিত করার নির্দেশও চেয়েছেন তিনি। আইন সচিব, আইন মন্ত্রণালয়ের জাস্টিস উইংয়ের সচিব ও লেজিসলেটিভ অ্যান্ড ড্রাফটিং উইংয়ের সচিবকে বিবাদি করে এ রিট আবেদনে ১০ ফেব্র"য়ারি মুদ্রিত বা পুনর্মুদ্রিত সংবিধানের মূল কপি সরবরাহের জন্য নির্দেশনা চেয়েছেন হালিম। রিট আবেদনে বাদি বলেছেন, "পুনর্মুদ্রিত সংবিধানে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বিসমিল্লাহকে মার্জনা করেছে এবং প্রস্তাবনার উপরে বিসমিল্লাহ বহাল রাখা হয়েছে। কিন্তু এ অংশটুকু সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। কারণ পঞ্চম সংশোধনী মামলার রায়ের কোথাও বিসমিল্লাহকে মার্জনা করা হয়নি। "মূল সংবিধানের ৩৮ অনুচ্ছেদে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু পুনর্মুদ্রিত সংবিধানে ওই অনুচ্ছেদ বহাল রাখার পাশাপাশি বিসমিল্লাহকে রেখে দেওয়া পরস্পরবিরোধী", বলেন হালিম। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা হতে পারবেন না বলে পুনর্মুদ্রিত সংবিধানের ৯৯ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে জানিয়ে বাদি বলেন, এ ধরনের কোনো কথা পঞ্চম সংশোধনী মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেনি। ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে। ২০১০ সালের ২ ফেব্র"য়ারি আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ হাইকোর্টের রায় বহাল রাখে। ওই রায়ের আলোকে গত ১০ ফেব্র"য়ারি সংবিধান পুনর্মুদ্রণ করা হয়। সরকার পরে আপিল বিভাগের রায়ের কিছু অংশ প্রত্যাহারের আবেদন করলে সুপ্রিম কোর্ট গত ১১ মে জানায়, সামরিক শাসনামলে জারি করা বিদ্যমান আইনি বিষয়গুলো নিয়ে সংসদকেই সিদ্ধান্ত নিতে হবে। পঞ্চম সংশোধনী বিষয়ে আপিল বিভাগের রায়ের পর গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনের জন্য ১৫ সদস্যের বিশেষ কমিটি সংসদে গঠিত হয়। অনেকের সঙ্গে আলোচনার পর কয়েকদিন আগেই কমিটি সংসদে সুপারিশ উপস্থাপন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৪১০ ঘ.