২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা সংবিধান পরিপন্থী'

হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়াকে 'মানবতা বিরোধী'ও 'সংবিধান পরিপন্থী' বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। (বিস্তারিত )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়াকে 'মানবতা বিরোধী'ও 'সংবিধান পরিপন্থী' বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বিএনপি। অবিলম্বে ওই সাজা বাতিল করে বন্দিদের মুক্তিও দাবি করে দলটি। টানা ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি শেষে সোমবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, "বিরোধী দলকে দমন করতে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে হরতালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের সাজা দিয়েছে। সরকার নিজের স্বার্থে এই আইনকে ব্যবহার করছে।" তিনি সরকারের এই আচরণকে 'অগণতান্ত্রিক' বলে অভিহিত করেন। এবারই প্রথম হরতালে পিকেটারদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। সংবিধান সংশোধন কমিটির সুপারিশের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে রবি ও সোমবার দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা হরতাল পালন করে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। রোববার ভোর ৬ টা থেকে টানা ৩৬ ঘন্টার হরতাল সোমবার সন্ধ্যা ৬টায় শেষ হয়। হরতালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পিকেটারদের সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ারও ঘোষণা দিয়েছে বিএনপি। এর পাশাপাশি রাজনৈতিকভাবেও তা মোকাবেলা করা হবে বলে রোববার জানিয়েছে দলটি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সাজা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এই ভ্রাম্যমাণ আদালত একটি প্রশাসনিক আইন। সরকার এই আইনটিকে নিজেদের স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্যে প্রয়োগ করছে। সরকারের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও দেওয়া হবে বলে জানান তিনি। লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, ৩৬ ঘন্টার হরতাল কর্মসূচি পালনের সময় ভ্রাম্যমাণ আদালত সারাদেশে তিন শতাধিক নেতা-কর্মীকে সাজা দিয়েছে। এর মধ্যে রাজধানীর ঢাকায় ৬০ জনেরও বেশি নেতা-কর্মীর সাজা হয়। ভ্রাম্যমাণ আদালতে গত দুইদিনে সাজাপ্রাপ্তদের একটি তালিকা উপস্থাপন করে মির্জা ফখরুল জানান, ঢাকা মহানগরীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস নেতা সোহেল, শ্রমিক দলের বাদশা, ছাত্রদলের মাসুদ, কেরানীগঞ্জের ছাত্রদল নেতা সোহেল, কুমিল্লায় বিএনপির পারভেজ, যুবদলের সোহেল, মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের শরীফ, বরগুনায় ছাত্রদলের হুমায়ুন, চট্টগ্রামের ছাত্রদল নেতা মানিকসহ তিনশতাধিক নেতা-কমীকে এক বছর থেকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৩৬ ঘন্টার হরতালে গ্রেপ্তার সহস্রাধিক মির্জা ফখরুল দাবি করেন, হরতাল কর্মসূচি পালনের সময় পুলিশ ও র‌্যাব সদস্যরা বিরোধী দলের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সোমবার সারাদেশে গ্রেপ্তার হয়েছে সাড়ে ৪ শ'এবং রাজধানী ঢাকায় শতাধিক। তিনি অভিযোগ করেন, সোমবার পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হাতে সারাদেশে আহত হয়েছে বিরোধী দলীয় তিনশ' নেতা-কর্মী। এর মধ্যে রাজধানীতে শতাধিক। এ প্রসঙ্গে এই বিএনপি নেতা আরো বলেন, সোমবারের হরতালে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সাংসদ হারুন অর রশীদ, বিএনপি নেতা আবেদ রাজা, সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবী আনোয়ারা শিখা, আরিফা জেসমিন নাহিয়া, ওয়ার্ড কমিশনার মমতাজ চৌধুরী টুটুকে গ্রেপ্তার করেছে। এছাড়া ওয়ার্ড কমিশনার বজলুল বাসিত আনজু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন ও আনসার আলী খান জয়কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিএনপির নেতা-কর্মীদের পুলিশ রাস্তায় নামতে দেয়নি বলেও তিনি অভিযোগ করেন। আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জনগণের দাবি। এই দাবি আদায়ে আমাদের আন্দোলন চলবে। আগামীতে আন্দোলন কঠিন থেকে কঠিনতর হতে পারে বলে তিনি বলেন, "আমরা আগেও বলেছি, এখনো বলছি, সরকার এয়োদশ সংশোধনী বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করলে আলোচনায় বসতে কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই আগে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে প্রত্যাহারের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। সেইসঙ্গে আলোচনার সুযোগ তাদেরই সৃষ্টি করতে হবে।'' বিকল্প প্রস্তাব বিএনপি দেবে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "আমাদের কোনো বিকল্প প্রস্তাব নেই। বিকল্প প্রস্তাব থাকলে তা সরকারকে উপস্থাপন করতে হবে।" ৩৬ ঘন্টা হরতাল সফল করার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে দলীয় নেতা-কর্মী, শরিক দল ও দেশবাসীকে অভিনন্দন জানান মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি গণমাধ্যম কর্মীদের ওপর 'পুলিশি নির্যাতনের' প্রতিবাদ ও নিন্দা জানান। হরতালে জনদুর্ভোগের কথা স্বীকার করে ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, নিজেদের খানিকটা অসুবিধা হলেও জনস্বার্থে যেকোনো কর্মসূচি জনগণ সমর্থন করে। অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি হলেঅ হরতাল। কিন্তু বর্তমান সরকার হরতালই নয়, মানববন্ধন ও সমাবেশের মতো কর্মসূচিতে 'নির্দয়-নির্মম' আচরণ করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছে। প্রেস ব্রিফিঙে অন্যান্যের মধ্যে দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, বরকত উল্লাহ বুলু, রহুল কবির রিজভী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কৃষক দল নেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৫৫ ঘ.