ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের 'নজিরবিহীন' জুলুম- নির্যাতনের মধ্যেও হরতাল কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।
দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে ১৫ জুন ঢাকা মহানগরী এবং ১৬ জুন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
হরতাল শেষে প্রধান বিরোধী দল বিএনপিও একই দিনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আজহারুল ইসলাম বলেন, "লাগাতার ৩৬ ঘণ্টার হরতাল সফল হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সরকার এ হরতাল বানচাল করার জন্য নজিরবিহীন জুলুম, নির্যাতন চালিয়েছে। তবুও হরতাল সফল হয়েছে।"
হরতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে 'নির্যাতনের নতুন হাতিয়ার' হিসেবে উল্লেখ করে এই জামায়াত নেতা দাবি করেন, শনি থেকে সোমবার সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৮১ জন নেতাকর্মীকে প্রেপ্তার করে অনেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
তিনি বলেন, "স্বৈরাচারী আইয়ুব সরকার হরতাল বানচাল করার জন্য এ ধরনের ভ্রাম্যমাণ আদালত চালু করেছিল। শেখ হাসিনা সরকার একই পথ অনুসরণ করে নিজেদের পতন ত্বরান্বিত করছে।"
সংবিধান সংশোধন কমিটির সুপারিশের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে রবি ও সোমবার দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা হরতাল পালন করে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। হরতালের প্রধম দিন সারা দেশে শতাধিক লোককে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
গণতান্ত্রিক দেশে (ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে) এ ধরনের সাজা গ্রহণযোগ্য হতে পারে না উল্লেখ করে আজহারুল ইসলাম বলেন, "আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে সাজা দেওয়া শুধু আইনের অপব্যবহারই নয়, মানবাধিকারের লঙ্ঘনও বটে।"
বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করতে চায়- এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, "তারা পুনরায় একদলীয় বাকশাল কায়েমের দিকে অগ্রসর হচ্ছে।"
হরতাল চলাকালে সরকারের জুলুম-নির্যাতন, গ্রেপ্তার, 'মিথ্যা' মামলা দায়ের ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রতিবাদ এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন আজহার।
তিনি জানান, ওই দাবিতে আগামী ১৫ জুন ঢাকা মহানগরীতে এবং ১৬ জুন সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮০১ ঘ.
bdnews24