২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে কাজ চলছে সুপ্রিম কোর্টে

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 05:37 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে চলছে। সোমবার সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এজলাসে আসেন। সকাল থেকে মোট ছয়টি মামলা শুনানির জন্য ডাকা হয়। বিচারপতিরা এজলাসে আসার পর বেঞ্চ কর্মকর্তা দিনের কার্য তালিকার প্রথমে থাকা মামলা শুনানির জন্য উভয় পক্ষের আইনজীবীদের আহ্বান করেন। তবে আইনজীবী উপস্থিত না থাকায় পরবর্তীতে শুনানির জন্য রেখে দেওয়া হয়। এরপর বেঞ্চ পরিবর্তন করে প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এজলাসে আসেন। এ সময় পরবর্তী পাঁচটি মামলা একে একে শুনানির জন্য ডাকেন বেঞ্চ কর্মকর্তা। এসব মামলায়ও আইনজীবী না থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। এ সময় কয়েকটি মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বক্তব্য রাখেন। এদিকে সকাল থেকে প্রশাসনিক বিভাগে যথারীতি কাজ চলতে দেখা গেছে। সুপ্রিম কোর্টে সরকারি আইন কর্মকর্তা ও সরকার সমর্থক আইনজীবীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হরতালে বসেছে হাইকোর্টের একটি বেঞ্চও। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সকাল ১১টার দিকে এজলাসে আসেন। বেলা ১২টা পর্যন্ত তারা একটি মামলায় রুল এবং একটির রায়সহ কয়েকটি মামলার শুনানি করেন। অন্যদিকে বিরোধী দল সমর্থক আইনজীবীরা ১১টার পর একটি সংক্ষিপ্ত মিছিল বের করে। পরে আইনজীবী ভবনের দক্ষিণ হলরুমে হরতালের সমর্থনে সমাবেশ করেন তারা। হরতালে বিশেষ নিরাপত্তায় আদালতের সবগুলো প্রবেশ ফটকে অতিরিক্ত পুলিশ প্রহরা দেখা গেছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি-জামায়াত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১২১৮ ঘ.