খাগড়াছড়ি, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক কাজী মো. শাহজাহান রিপন বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর রাতে ফল ঘোষণা করা হয়।
গত ১৮ জানুয়ারী রামগড় পৌরসভায় নির্বাচন হওয়ার কথা থাকলেও সহিংসতার কারণে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল হাসান ভূঁইয়া জানান, রোববার নির্বাচনে মেয়র পদে কাজী মো. শাহজাহান রিপন পেয়েছেন ৬ হাজার ৮৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত শহিদুল ইসলাম ফরহাদ পেয়েছেন ৩ হাজার ৭৫৭ ভোট।
এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী আসনে ৮ জন এবং সাধারণ কাউন্সিলার পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গ্রহণ নিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী ফরহাদ একটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ আনলেও নুরুল হাসান বলছেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩০৯ ঘ.
bdnews24