২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নির্বাচনোত্তর সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

সুনামগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ৫জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোববার সন্ধ্যা ৭টায় সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- মোরশেদ মিয়া (৪০), রইছ মিয়া (৩৫), হোসেন মিয়া (২৫), জালাল মিয়া(৩৩), লাল বান(৩০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সুরমা ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থী আলাউর রহমান ও অপর ইউপি সদস্য প্রার্থী ইদ্রিছ মিয়ার সমর্থকদের মধ্যে সন্ধ্যায় ভোট গণনার পরপরই কথা কটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সুনামগঞ্জ সদর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইদ্রিছ মিয়া দাবি করেন, মুসলিমপুর কেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ওপর হামলা চালায় আলাউর রহমান ও তার সমর্থকরা। আলাউর রহমান এ অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, তাদের ওপর ইদ্রিছ মিয়ার লোকজনই হামলা চালিয়েছে। সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১১৪ ঘ.