২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতালের প্রথম দিন শান্তিপূর্ণ

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন চট্টগ্রাম মহানগরী ছিল অনেকটা শান্তিপূর্ণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন চট্টগ্রাম মহানগরী ছিল অনেকটা শান্তিপূর্ণ। নগরীর বহদ্দারহাটে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ছাড়া অন্য কোথাও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রোববার সকাল থেকেই বিএনপি নেতা-কর্মীরা নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে জড়ো হলেও মিছিল-সামবেশ করতে পারেনি। ভোর থেকেই পুলিশ ও আর্মড পুলিশ সদস্যরা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিএনপি নেতা-কর্মীরা নগরীর বহদ্দারহাট, অলংকার মোড় ও কাজীর দেউরীতে সংক্ষিপ্ত সমাবেশ করে। নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ পিকেটিংয়ের সময় গ্রেপ্তার করে ৩৪ জনকে। এদের মধ্যে ২৮ জনকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। রোববার সকাল থেকেই নগরীর সড়কগুলোতে রিক্সা ছাড়া ভারি যানবাহন তেমন একটা চোখে পড়েনি। চট্টগ্রাম বন্দর জেটিতে পণ্য ওঠানামা স্বাভাবিক থাকলেও বাইরে সরবরাহ হয়নি। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও তেমন কাজ হয়নি। হরতালের কারণে চট্টগ্রাম শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে চট্টগ্রাম থেকে পাঁচটি যাত্রিবাহী ট্রেন ছেড়ে গেছে এবং চট্টগ্রাম পৌঁছেছে চারটি ট্রেন। বিমানের সূচিতেও হেরফের হয়নি। এদিকে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে বলে দাবি করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া তিনি দলীয় কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ জানান। তিনি নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৃথক সমাবেশে বলেন, হরতাল সফল করে জনগণ প্রমাণ করেছে আওয়ামী লীগ সরকারের পতন আসন্ন। "তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে জেনেই তারা এ ব্যবস্থা বাতিল করছে। জনগণের আন্দোলনের মাধ্যমে সে দাবি আদায় করা হবে।" দলীয় কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের অবিলম্বে মুক্তি দাবি করেন আমীর খসরু। নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ রোজী কবীর, নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি শামসুল আলম, নগরনেতা কাজী বেলাল প্রমুখ। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা-সাজা চট্টগ্রামে গ্রেপ্তার ৩৪ জনের মধ্যে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ১৩ জনকে জরিমানা, ১৫ জনকে সর্বনিু তিন দিন থেকে সর্বোচ্চ ৩০ দিন কারাদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তার বাকি ছয়জনের বিচার প্রচলিত সাধারণ আইনে হবে। চট্টগ্রাম নগরীর কোতয়ালী, পাহাড়তলী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকায় এ জরিমানা ও সাজা হয়। কোতয়ালী থানা পুলিশ সকাল ১২টায় কাজীর দেউরী থেকে বিএনপির ১৩ নারী কর্মীকে গ্রেপ্তার করে। এদের সবাইকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পরিমাণে অর্থ জরিমানা করে। এরা হলেন- জেলী চৌধুরী, সুলতানা কামাল, সালমা, শিউলী, রুমা চৌধুরী, হেলেনা, হালিমা, একা, রহিমা, হাজেরা, গোলতাজ, রহিমা ও জাহানারা। চান্দগাঁও থানা পুলিশ বহদ্দারহাট থেকে ১০ জনকে গ্রেপ্তার করে। এদের প্রত্যেককেই ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। এরা হলেন- মো. বাদশা, জাহাঙ্গীর আলম, কৃঞ্চ শীল, বাহার উদ্দিন, কামাল উদ্দিন, বাবলু সেন, জামাল, জব্বার, হাসান ও কায়সার। পাহাড়তলীতে গ্রেপ্তার চারজন হলেন- মিজানুর রহমান বাবুল, শাহাদাত হোসেন পাটোয়ারী, ফজলুল আলম ও জহিরুল ইসলাম। এদের মধ্যে দুইজনকে ভ্রাম্যমাণ আদালত সাজা দেয়। পাঁচলাইশে পুলিশ গ্রেপ্তার করে সাতজনকে। এরা হলেন- বখতেয়ার, জহিরুল, এন্তাজ মিয়া, বেলাল, রাসেল, আহসান হাবীব মাসুম ও মাহবুবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৩৯ ঘ.