২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাগলনাইয়া পৌর নির্বাচনে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ফেনী, জুন ১২ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ করা হয়েছে। রোববার কঠোর নিরাপত্তার মধ্যে এ ভোটাভুটি হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে দূরের ভোটারদের সইতে হয়েছে বাড়তি ভোগান্তি। উত্তর সতর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর কুতুবুল আলম জানান, পৌরসভার ১০টি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে আনসারসহ ৩০ জনের দল দায়িত্ব পালন করছে। এছাড়া র‌্যাব ও বিজিবি সদস্যরা টহলে আছেন। উত্তর সতর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কয়েকজন ভোটার বলেন, গত ৩০ বছরে এখানে শান্তিপূর্ণ নির্বাচন দেখিনি। এবার ব্যতিক্রম দেখলাম। উপজেলা ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ওমর ফারুক জানান, নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোন ব্যাপারে কারো অভিযোগ নেই। পূর্ব ছাগলনাইয়া ও রেজুমিয়া এলাকার ভোটার মো. আমির হোসেন ও আব্দুর রাজ্জাক বলেন, হরতালের কারণে রিক্সা পাইনি। তাই কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে গিয়ে ভোট দিতে হয়েছে। উত্তর সতর গ্রামের আয়েশা আক্তার বলেন, রিক্সা না পাওয়ায় গ্রামের নারীরা পায়ে হেঁটে এসে ভোট দেন। তিনি বলেন, ভোটের দিন এমনিতেই গাড়ি পাওয়া যায় না। তার ওপর হরতাল দেওয়ায় আরো সমস্যায় পড়েছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৩২ ঘ.