নারায়ণগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন বিরোধী দল হরতাল দিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে।
তারা সন্ত্রাস, দুর্নীতি আর জঙ্গিবাদ ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি।
তিনি শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট বিদ্যুৎ পল্লীতে বেসরকারিভাবে নির্মিত ওরিয়ন গ্র"পের ১০০ মেগাওয়াট কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, এভারেষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেডের ২৫ দশমিক ১৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যন্ট উদ্বোধন এবং সামিট গ্র"পের মেঘনাঘাট ৩৩৫ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের ভিত্তির প্রস্তুর স্থাপন করেন।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও গণমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে দেশে বিদ্যুৎ উৎপাদন এক মেগাওয়াটও বাড়াতে পারেনি। আমরা এ পর্যন্ত ১৯২২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করেছি। আওয়ামী লীগ সরকারই প্রথম বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৩১ টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৬ টি নির্মাণাধীন। আরো ৩৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যেসব উন্নয়ন কাজ করেছে জোট সরকার ক্ষমতায় এসে সেসব বন্ধ করে দিয়েছে। আমরা ক্ষমতায় এসে আবার সেসব উন্নয়ন কাজ শুরু করেছি।
তিনি আরো বলেন, আগামী ৩০ জুন বাংলাদেশ আওয়ামী লীগ ৬২ বছর পূর্ণ করবে। উপমহাদেশে এমন পুরনো দল খুব কমই রয়েছে। দেশ সঠিকভাবে পরিচালিত হলে স্বাধীনতার ৪০ বছরে এসে দারিদ্রের কথা শুনতে হতো না। একটি চক্র বাংলাদেশকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পেছনে ফেলে দিয়েছে।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কায়সার হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য নাসিম ওসমান, গোলাম দস্তগীর গাজী, নজরুল ইসলাম বাবু, সারাহ বেগম কবরী, সামিট গ্র"পের চেয়ারম্যান আজিজ খান, ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম।
প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, হুইপ মুজিবুল হক, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৫০ ঘ.
bdnews24