২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন হরতাল ডেকে হয় না: সুরঞ্জিত

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, হরতাল ডেকে সংবিধান সংশোধন করা যায় না। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 07:58 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, হরতাল ডেকে সংবিধান সংশোধন করা যায় না। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বলেন, "রাস্তায় কিংবা হরতালের মাধ্যমে সংবিধান রচিত হয়নি। এটি রচিত হয়েছে সংসদে। এর সংশোধনী আনতে গেলে তা সংসদের মাধ্যমেই করতে হবে।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে ৫ জুন দিনব্যাপী হরতালের পর এবার রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। বিরোধী দল 'ভুলপথে' চলছে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, "হরতাল ডেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল কিংবা সংবিধানেও সংশোধনী আনা যাবে না। এজন্য সংসদে এসে কথা বলতে হবে।" 'সংবিধান সংশোধন : বিরোধী দলের ভূমিকা' শীর্ষক এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা জেলা শাখা। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গত বুধবার জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে তাদের প্রতিবেদন জমা দেয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ মোট ৫১টি সুপারিশ করা হয়। সুরঞ্জিত বলেন, "গণতন্ত্রের পথ আগেও মৃসণ ছিলো না, এখনো নেই। বিরোধী দল ৩৬ ঘণ্টার অযৌক্তিক হরতাল ডেকে গণতন্ত্রের পথ অমৃসণ করে ফেলছে।" হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, "এ হরতালে তো জনগণের কোনো বক্তব্য নেই। হরতাল শুধু ভীতির (প্যানিক) সৃষ্টি করবে আর জনগণের দুর্ভোগ বাড়বে।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিকল্প কোনো প্রস্তাব বা মডেল (প্রতিরূপ) থাকলে তা সংসদে এসে বলার আহ্বান জানান তিনি। সামরিক শাসকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "তাদের আনা অবৈধ ও বেআইনি সংশোধনী মাথায় নিয়ে ৩৫ বছর ঘুরেছি। উচ্চ আদালতের রায়ে, অবৈধ ও বেআইনি অংশ বাদ দেওয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে।" প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত আরো বলেন, "সংবিধানে সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিতে তারা সদস্য দেয়নি, দল হিসেবে ডাকা হয়েছিলো তাও আসেনি, আবার সংসদেও আসছে না। তাহলে তারা চায় কী?" এ সময় রসিকতা করে তিনি বলেন, "তারা দুটি মামলা প্রত্যাহার চায়, চায় যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে আর চায় জিয়াউর রহমান ও সামরিক শাসনের অবৈধ অংশ সংবিধানে বহাল রাখতে।" এক্ষেত্রে আওয়ামী লীগের অনড় অবস্থানের কথা তুলে ধরে সুরঞ্জিত বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ আর সামরিক শাসনের অবৈধ অংশ সংবিধানে আওয়ামী লীগ বহাল করবে না।" তবে মামলা প্রত্যাহার করতে চাইলে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পরামর্শ দেন সুরঞ্জিত। বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত বলেন, "ওনি (ফারুক) বলেছেন বিশেষ কমিটির প্রতিবেদন প্রত্যাহার করা হলে হরতাল প্রত্যাহার করা হবে। এ সময় প্রশ্ন রেখে সুরঞ্জিত বলেন, তাহলে জামায়াতের হরতাল কে প্রত্যাহার করবে?।" একই প্রসঙ্গে তিনি আরো বলেন, "বিশেষ কমিটি সংসদে প্রতিবেদন জমা দেওয়ার পর তা সংসদের সম্পত্তিতে পরিণত হয়েছে। এটা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।" নতুন অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, "বাজেট দেওয়া সহজ তবে তা বাস্তাবায়ন করা কঠিন।" আগামী বছরে বাজেটে প্রবৃদ্ধি হার ৭ শতাংশ ধরা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, " এটা অর্জন করতে পারলে ভালো। আবার এ অর্জন যেন শুধু সামিট গ্র"প আর দরবেশ মোয়জ্জেমদের না হয়। জনগণেরও যেন হয়।" সভায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য তারানা হালিম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ন কবির মিজি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/এমআই/১৫১১ ঘ.