২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি-সোম ৩৬ ঘণ্টা হরতাল

সংবিধান সংশোধন কমিটির সুপারিশের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে আগামী রবি ও সোমবার দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন কমিটির সুপারিশের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে আগামী রবি ও সোমবার দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে আলাদা সংবাদ সম্মেলন করে দল দুটির পক্ষ থেকে হরতালের এই ঘোষণা দেওয়া হয়। ইসলামী ঐক্যজোটের একাংশ এই কর্মসূচিকে সমর্থন দিয়েছে। এছাড়া ওলামা মাশায়েখ পরিষদ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। সকাল ১১টা ৪০ মিনিটে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোববার সকাল ৬টা থেকে শুরু হয়ে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে। রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়। 'একতরফাভাবে' নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সিদ্ধান্ত, সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস মুছে ফেলার সুপারিশ, মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্কের ধারা বিলুপ্তির অপচেষ্টা, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কট, পুঁজিবাজার ধ্বংস রোধে সীমাহীন ব্যর্থতা এবং ৩৩ লাখ বিনিয়োগকারীর অর্থ লুণ্ঠনের প্রতিবাদে এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে মির্জা ফখরুল জানান। ৩৬ ঘণ্টার হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সকালে কাছাকাছি সময়েই রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি জানান, সংবিধান থেকে 'সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি'- এই অংশটি বাদ দেওয়ার সুপারিশের প্রতিবাদে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখাসহ ১৪ দফা দাবিতে এই হরতাল ডাকা হয়েছে। আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির যে ৫১ দফা সুপারিশ করেছে- তার প্রায় সবগুলোই জাতীয় স্বার্থের পরিপন্থী। তিনি বলেন, "সরকার বাংলাদেশকে তার দীর্ঘ দিনের পুরনো মুসলিম বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে বিচ্ছিন্ন করার প্রয়াস চালাচ্ছে। এর ফলে মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে।" সংবিধান সংশোধনের নামে বাংলাদেশকে একটি 'ধর্মহীন রাষ্ট্র' বানানোর ষড়যন্ত্র চূড়ান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই জামায়াত নেতা বলেন, আগামী নির্বাচনে ভরাডুবি নিশ্চিত বুঝতে পেরেই সরকার 'ষড়যন্ত্র' করে 'গায়ের জোরে' তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করার চক্রান্ত করছে। দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত যেন সরকারের বিরুদ্ধে আন্দোলন না করতে পারে- সেজন্য 'নন-ইস্যুকে' ইস্যু বানিয়ে যুদ্ধাপরাধের 'ভিত্তিহীন অভিযোগে' জামায়াত নেতাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন আজহারুল। ১৪ দফা দাবিতে রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতাল সফর করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এর আগে গত ৫ জুন দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল করে বিএনপি ও জামায়াত। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গত বুধবার জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে তাদের প্রতিবেদন দেয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ মোট ৫১টি সুপারিশ করা হয়। বুধবার রাতেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠকে বসে দলটির স্থায়ী কমিটি। এছাড়া সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করে বিএনপি। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর ঠিক পরদিনই বিরোধী দলের পক্ষ থেকে এই হরতালের কর্মসূচি দেওয়া হলো। শুক্রবার বিকেল ৩টায় লালবাগে ইসলামী ঐক্যজোট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী রবি-সোম ৩৬ ঘণ্টা হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি বলেন, "সংবিধানে 'আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস', রাষ্ট্রধর্ম ইসলাম ও তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখা এবং জাতীয় নারীম ও শিক্ষানীতি বাতিলের দাবিতে বিএনপি ও জামায়াতের ডাকা হরতালের প্রতি 'সর্বাত্মক' সমর্থন ও একাত্মতা ঘোষণা করছি।" এছাড়া রোববার সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা হরতাল ডেকেছে কেন্দ্রীয় ওলামা মাশায়েখ পরিষদ। শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুমার নামাজের পর সংক্ষিপ্ত সমবেশে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন রাব্বানী এই ঘোষণা দেন। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির 'ইসলামবিরোধী' সুপারিশের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেটি/কেএমএস/জেকে/১৭০৫ ঘ.

এ সম্পর্কিত আরো খবর