২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা

বেলকুচি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহাজোট সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

সিরাজগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেলকুচি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহাজোট সমর্থিত এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেছে। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এসময় পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোগনালা ভুতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকান নায়েন সাংবাদিকদের জানান, বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক এমদাদের উপস্থিতিতে তার সমর্থকরা ভোটকেন্দ্রের ভিতরে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ইউএনও জানান, এসময় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বেশ ক'টি ককটেল বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এসময় প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মাইক দিয়ে ভোটারদের ডেকে এনে ভোটগ্রহণ শুরু করা হয়। ওই কেন্দ্রের বাইরে বিকেলে দুই সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয় বলে জানান ইউএনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১১৮ ঘ.