২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হলুদ সাংবাদিকতা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে'

'হলুদ সাংবাদিকতা' বন্ধে প্রেস কাউন্সিল অ্যাক্টের অনুসরণীয় আচরণ ও বিধিগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'হলুদ সাংবাদিকতা' বন্ধে প্রেস কাউন্সিল অ্যাক্টের অনুসরণীয় আচরণ ও বিধিগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। মঙ্গলবার জাতীয় সংসদে মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ জাহিদ মালেকের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সন্ধ্যা সাড়ে ৭টার পর ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে দিনের অধিবেশন শুরু হয়। তথ্যমন্ত্রী বলেন, হলুদ সাংবাদিকতা রোধে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩; বাংলাদেশ প্রেস কাউন্সিল অ্যাক্ট-১৯৭৪, অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০০৩; সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি ১৯৯৩ (২০০২) রয়েছে। এর বত্যয় ঘটলে প্রচলিত আইনেও প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে দেশ ও জনগণের কাছে অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে। ইতিবাচক সংবাদ প্রচার ও এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণমাধ্যমগুলো নিজস্ব দায়বদ্ধতা রক্ষা করতে পারে। আসছে আরো ৮টি এফএম রেডিও চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে আজাদ জানান, বেসরকারি মালিকানায় এফএম ব্যান্ডে আরো আটটি রেডিও স্টেশন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের অনুকূলে লাইসেন্সও দেওয়া হয়েছে। 'সবচেয়ে জনপ্রিয় বিটিভি' পঞ্চগড়-২ আসনের সাংসদ মো. নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী দাবি করেন, বাংলাদেশ টেলিভিশন জনপ্রিয় হতে পারছে না- এ কথা সঠিক নয়। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট্রের এক জরিপের বরাত দিয়ে মন্ত্রী বলেন, "বাংলাদেশ টেলিভিশনই দেশে সবচেয়ে জনপ্রিয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২১০০ ঘ.