২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলা: আবারো সময় পেল সিআইডি

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন (সম্পূরক অভিযোগপত্র) দাখিলের সময় আবারো বাড়ালো আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

সিলেট, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন (সম্পূরক অভিযোগপত্র) দাখিলের সময় আবারো বাড়ালো আদালত। মঙ্গলবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. মমিনউল্লাহ আগামী ২৩ জুন এই অভিযোগপত্র দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে মামলার তদন্ত কর্মকতার পক্ষে বিশেষ কৌঁসুলি সময় প্রার্থনা করে একটি দরখাস্ত দেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এই নিয়ে গত ৩২ মাসে ৬৬ বার সময় প্রার্থনা করা হয়েছে। মঙ্গলবার এই আদালতে মামলার সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার তারিখ ধার্য ছিল। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি কিশোর কুমার কর জানান, তদন্ত কর্মকর্তা সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম সম্পূরক অভিযোগপত্র দাখিলে আরও সময় চাওয়ায় তার পক্ষে দরখাস্ত দেওয়া হয়। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতের নির্দেশে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলা স্থানান্তরিত হয়। ওই বছরের ২২ সেপ্টেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মুহাম্মদ মাহবুব-উল-ইসলাম সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছিলেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু'টি মামলা করেন। ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৭ ঘ.