২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হলে জাতীয় নয় কেন'

বর্তমান সরকারের মেয়াদে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হলে জাতীয় নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না সে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকারমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের মেয়াদে স্থানীয় নির্বাচন গ্রহণযোগ্য হলে জাতীয় নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না সে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকারমন্ত্রী। মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, এই সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য হলে, জাতীয় নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না? "শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।" ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন। সর্বোচ্চ আদালতের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করার বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম একই অনুষ্ঠানে বলেন, এই মামলা আওয়ামী লীগ বা সরকার করেনি। তারা [বিরোধীদল] এই রায় মানবেন না। তত্ত্বাবধায়ক সরকার থাকবে, কিন্তু তারা খায়রুল হককে মানবেন না। তত্ত্বাবধায়ক সরকারে বিচারপতিদের সম্পৃক্ত না করার যে নির্দেশনা আদালত দিয়েছে তা উল্লেখ করে শেখ সেলিম বলেন, তাহলে কি তারা রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে মানবেন? বিরোধী দলের বর্তমান কর্মকাণ্ডকে ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করে তা প্রতিহত করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান শেখ সেলিম। এর আগে আশরাফ বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে এসে কথা বলতে বলেছেন। আমরা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পূর্ণ সমর্থন দিয়েছি। বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহবান জানিয়ে আশরাফ বলেন, তারা বিভিন্ন জায়গায় যা বলছেন- তা বলার একমাত্র স্থান জাতীয় সংসদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০৩৮ ঘ.