গোপালগঞ্জ, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নে দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যামাণ আদালতের বিচারক মুহাম্মদ শাহাদাত খোন্দকার মঙ্গলবার দুপুর ১টায় এ রায় দেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, কাঠি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক ভোটারকে ভোট দিতে বাধা দেওয়ায় পুলিশ অহেদুল মোল্লা (২৫) ও শুকুর মোল্লাকে (৩০) গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দুই যুবকে ২ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়।
অহেদুল ও শুকুর কাঠি গ্রামের বাসিন্দা।
গত ৩১ মে থেকে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫১৩ ঘ.
bdnews24