২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার প্রধানই আলোচনার পথ বন্ধ করেছেন'

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি না রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতেই আলোচনার পথ বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি না রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতেই আলোচনার পথ বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "যেখানে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার রাখার কোনো সুযোগ নেই, সেখানে সরকার প্রধানই আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন।" গত ৩১ মে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেষ হাসিনা বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে আদালতের রায়ের পর আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু রাখার সুযোগ নেই। বতর্মান সরকারের মেয়াদ শেষে সংসদীয় গণতন্ত্রের নিয়মেই নির্বাচন হবে বলে উল্লেখ করেন তিনি। তবে পরে তিনিই বলেন, বিএনপির উচিৎ তত্ত্বাবধায়ক প্রশ্নে সংসদে এসে মতামত দেওয়া। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তও সোমবার এক আলোচনা সভায় বলেন, বিএনপি সংসদে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে 'যুক্তিগ্রাহ্য প্রস্তাব' দিলে তা গ্রহণ করা হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল মঙ্গলবার বলেন, "তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত সরকার প্রত্যাহার না করা পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই। সরকারকে আগে সিদ্ধান্ত প্রত্যাহার করে আলোচনার পরিবেশ সৃষ্টি করতে হবে।" বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে যোগ দেবে কি-না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বর্তমান নির্বাচন কমিশন বির্তকিত হয়ে গেছে। তাদের স্বল্প সময় মেয়াদ রয়েছে। এই বির্তকিত কমিশনের সঙ্গে সংলাপ করা হবে উচিৎ হবে কি না সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।" ১৩ জুন সংলাপে বসার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "সংলাপের চিঠি পেয়েছি। চিঠির বিষয়বস্তু পর্যালোচনার জন্য স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে একটি জবাব তৈরি করে তা স্থায়ী কমিটির কাছে পেশ করবেন।" এর আগে সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক জাফরুল হাসানসহ নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, শ্রমিক দলের সিনিয়র সহ -সভাপতি আবুল কাশেম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। সোমবার শ্রমিক দলের ষষ্ঠ কাউন্সিল অধিবেশনে নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩৫ সদস্যের নতুন কমিটি নির্বাচন করা হয়। ওই দিন রাতেই খালেদা জিয়া ওই কমিটি অনুমোদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৩১ ঘ.

এ সম্পর্কিত আরো খবর