২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক বাতিল জনগণ মানবে না: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল দেশের জনগণ মেনে নেবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল দেশের জনগণ মেনে নেবে না। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। সোমবার বিকালে এক সমাবেশে খন্দকার মোশাররফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল দেশের জনগণ মেনে নেবে না। সরকার আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না বলেই তারা এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। উদ্দেশ্য বাংলাদেশে স্থিতিশীলতা বিনষ্ট করে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হলে আরও কঠোর কর্মসূচি দেশনেত্রী ঘোষণা করবেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকালে এই প্রতিবাদ সমাবেশ হয়। রোববার বিএনপির ডাকা হরতাল পালনের সময় পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের নির্যাতনের প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশ হয় মহানগর বিএনপির উদ্যোগে। মঙ্গলবার হবে সারাদেশের বিভাগ-জেলা-উপজেলায়। সংবিধান সংশোধনের বিষয়ে সরকারের উদ্যোগের সমালোচনা করেন খন্দকার মোশাররফ। দ্রব্যমূল্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্র"তি ভঙ্গের অভিযোগ আনেন তিনি। 'তাহলে আপনার সরকারও অবৈধ' বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ক ত্রয়োদশ সংশোধনীর পটভূমি তুলে ধরেন। তিনি বলেন, এটা [তত্ত্বাবধায়ক সরকার] ছিলো তৎকালীন প্রধানমন্ত্রীর চিন্তার ফসল। ওই সময় তিনি [শেখ হাসিনা] জাতীয় পার্টি ও জামায়াতকে নিয়ে আন্দোলন করে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। কমনওয়েলথের সাবেক সেক্রেটারি জেনারেল স্যার নিনিয়ান এসেও মধ্যস্থতা করতে পারেনি। "তখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রস্তাব করেছিলেন, ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। কিন্তু শেখ হাসিনা তা মানেনি।" ফখরুল ইসলাম বলেন, আজ তিনি [শেখ হাসিনা] আবার দেশনেত্রীর [খালেদা জিয়ার] সেই কথাই বলছেন। প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, আদালতের রায়ে যদি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি অবৈধ হয়, তা হলে আপনি ও আপনার সরকারও অবৈধ। নৈতিকভাবে এখনই আপনার পদত্যাগ করে নতুন নির্বাচন দেয়া উচিত। আগামীতে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের 'ভরাডুবি' হবে দাবি করে তিনি বলেন, সেজন্যই সরকার তত্ত্বাবধায়ক সরকারের বিদ্যমান বিধান তুলে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। রোববারের হরতালের সময় গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিও জানান ভারপ্রাপ্ত মহাসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪১ ঘ.