২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ২ দিনের প্রতিবাদ কর্মসূচি

হরতাল কর্মসূচি পালনের সময় 'গ্রেপ্তার-নির্যাতনের' প্রতিবাদে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল কর্মসূচি পালনের সময় 'গ্রেপ্তার-নির্যাতনের' প্রতিবাদে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। রোববার বিকালে এক সংবাদ ব্রিফিঙে এই কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার বিকালে ঢাকা মহানগরীতে প্রতিবাদ-সমাবেশ ও মঙ্গলবার সারাদেশে বিভাগ-জেলা-উপজেলায় প্রতিবাদ-সমাবেশ। আর ঢাকায় প্রতিবাদ-সমাবেশ হবে বিকাল তিনটায় দলের নয়া পল্টনের কার্যালয়ের সামনে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি রোববার এ হরতাল ডাকে। একই ইস্যুতে তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীও হরতাল ডেকেছে। হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ হরতাল অযৌক্তিক ইস্যুতে ডাকা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে প্রস্তাব সংসদে তুলে ধরতে বিরোধী দলের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে হরতালে দলীয় কর্মীদের ওপর দমন-পীড়ন চলছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৫টায় এই সংবাদ ব্রিফিঙের আয়োজন করা হয়। সারাদেশে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে দাবি করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "এই হরতালের মাধ্যমে জনগণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে সরকারের সিদ্ধান্ত প্রত্যাখান করেছে। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখবে।'' হরতাল কর্মসূচি পালনের জন্য দেশবাসীকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানান মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, হরতাল চলাকালে রাজধানীতে দুই শতাধিক এবং সারাদেশে ৪ শতাধিক অর্থাৎ দলের মোট সাড়ে ৬ শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি আরো দাবি করেন যে, আহত হয়েছে ঢাকায় দেড় শতাধিক ও সারাদেশে আড়াইশ'। ভারপ্রাপ্ত মহাসচিব জানান, বিরোধী দলের হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে গত শুক্রবার থেকে এ পর্যন্ত পুলিশ ৮ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে 'মিথ্যা মামলা' দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮০৬ ঘ.