ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের চেয়ে এবারের হরতালে রাজধানীসহ সারাদেশে গাড়ি চলাচল কম থাকলেও পুলিশি বাধার মুখে বিএনপি নেতা-কর্মীরা রাজপথে নামতে পারেনি।
বড় ধরনের গোলযোগ ছাড়াই রোববার হরতাল চলে সারাদেশে। মিছিল করতে গিয়ে বিভিন্ন স্থানে শতাধিক বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। বিএনপি বলছে, এ সংখ্যা ৬ শতাধিক।
বড় ধরনের ভাংচুরের কোনো খবর পাওয়া না গেলেও বিএনপি কার্যালয়ের কাছে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
হরতালে বাস চলাচল নগন্য হলেও রেল, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিলো বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর ও দেশের স্থলবন্দরগুলোতে পণ্য খালাস হলেও ট্রাক চলাচল না করায় সে পণ্য বাইরে যায়নি।
হরতালের কারণে সুপ্রিম কোর্টসহ আদালতে বিচার কাজ ছিলো প্রায় বন্ধ। ঢিলেঢালাভাব ছিলো প্রশাসনের কেন্দ্র সচিবালয়েও। তবে সচল ছিলো পুঁজিবাজার।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি রোববার এ হরতাল ডাকে। একই ইস্যুতে তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীও হরতাল ডেকেছে।
হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ হরতাল অযৌক্তিক ইস্যুতে ডাকা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে প্রস্তাব সংসদে তুলে ধরতে বিরোধী দলের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে হরতালে দলীয় কর্মীদের ওপর দমন-পীড়ন চলছে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানী ঢাকায় বিএনপির তৎপরতা ছিলো নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়কেন্দ্রিক। সেখানে ভোর থেকেই জড়ো হতে থাকে বিএনপি নেতা-কর্মীরা। কিন্তু মিছিল করতে না দেওয়ায় তারা কার্যালয়ের সামনে বসেই স্লোগান দেয়।
বিএনপি নেতাদের অভিযোগ, নয়া পল্টনে কর্মীদের ভিড়তেই দেয়নি পুলিশ। কোনো কর্মী আসতে চাইলেই তাদের হটিয়ে দেওয়া কিংবা গ্রেপ্তার করা হয়েছে। দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা অর্ধ শতাধিককে।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, "আমাদের ফুটপাতেও দাঁড়াতে দেওয়া হচ্ছে না। দেশে এখন কোনো গণতন্ত্র নেই। ফ্যাসিস্ট সরকারের হাতে আমরা আজ অবরুদ্ধ হয়ে আছি।"
গ্রেপ্তারের সময় বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধস্তাধস্তিও হয়। সকাল সোয়া ১১টার দিকে বিএনপি কার্যালয়ের কাছেই দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এরপর পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে ফেলে। দুপুরে সেখানে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে।
ঢাকার যাত্রাবাড়ী, মহাখালীসহ কয়েকটি স্থানে বিএনপি মিছিলের চেষ্টা চালালেও পুলিশ লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দেয়। বিএনপি সমর্থক আইনজীবীদের মিছিল হয়েছে পুরান ঢাকার আদালত পাড়া ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেও।
বন্দর নগরী চট্টগ্রামেও হরতালে রিকশা ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করেনি।
সকাল থেকেই দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অবস্থান নেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহদাত ও তাদের অনুসারী নেতাকর্মীরা।
নগরীর দুটি আলাদা স্থান থেকে পিকেটিংয়ের সময় পাঁচ জনকে আটক করে পুলিশ।
সকাল ১০টার দিকে নগরীর দেওয়ানহাট মোড়ে পিকেটিং ও হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টা করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এসময় পুলিশের লাঠিচার্জ ও ধাওয়ার কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিকালে হরতাল শেষ হওয়ার আগ মুহূর্তে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীদেও সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের লাঠিপেটায় আহতও হয় কয়েকজন।
রাজশাহী ও সিলেটে শান্তিপূর্ণভাবেই হরতাল হয়েছে। রাজশাহীতে শনিবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। গুলিবিদ্ধ খান মোহাম্মদ শাহরিয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সিলেটে পিকেটিংয়ের সময় নগরীর শিবগঞ্জ থেকে তিন জন ও দরগাগেইট থেকে দুজনকে আটক করে পুলিশ।
খুলনায় পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে বিএনপির ২৪ নেতা-কর্মী। মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলামসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুর শহরের গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কর্মীদের কয়েক দফা সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়। পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করে।
দুপুর পৌনে ১টার দিকে বিএনপি নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে পিকেটিং শুরু করলে পুলিশ বাধা দেয়। ওই সময় কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটলে পুলিশ লাঠি চালায়। বিএনপি নেতা-কর্মীরাও পাল্টা ইট ছোড়ে। তারা একটি মটর সাইকেলেও আগুন ধরিয়ে দেয়।
পিকেটারদের ছোড়া ইটে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হকও আহত হন। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর বিএনপি কার্যালয় সন্ধ্যা পর্যন্ত ঘিরে রাখে পুলিশ।
পুলিশ সুপার সালেহ মো. তানভীর সাংবাদিকদেও বলেন, পুলিশ যথেষ্ট সহনশীলতার পরিচয় দেওয়ার পরও বিএনপির একদল উচ্ছৃঙ্খল কর্মী হামলা চালায়।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হরতালের সময় হামলা ও অগ্নিসংযোগ করেছে বিএনপি নেতা-কর্মীরা। ওই ঘটনায় পুলিশ বিএনপির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
নরসিংদীতে বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে আহত হয়েছে ৩০ জন। নারায়ণগঞ্জে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে ১০ জন। পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
নোয়াখালীর মাইজদী বাজারে পিকেটাররা আরটিভির প্রতিনিধি মনির হোসেন ও ক্যামেরাম্যান মশিউর রহমানকে মারধর করে। অন্যদিকে দত্তেরহাট এলাকায় পুলিশের লাঠিপেটায় শহর ছাত্রদলের সাবেক সভাপতি কলিম উদ্দিনসহ আট জন আহত হন। সেখানে গ্রেপ্তার করা হয় ছয় জনকে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ভাংচুরের অভিযোগে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়াসহ দুজন গ্রেপ্তার হয়েছেন।
গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় পিকেটিংয়ের সময় যুবদল নেতাসহ সাত জনকে আটক করে পুলিশ। বরগুনায় গ্রেপ্তার করা ১৩ জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এআরআর/এমআই/১৯১২ ঘ.
bdnews24