ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি।
হরতালের আগের দিন ঢাকা মহানগর পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেনজির জানান, ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষায় শনিবার বিকাল থেকেই সক্রিয় থাকবে পুলিশ।
বিগত সময়ে হরতালের আগের দিন সন্ধ্যা ও রাতে নগরীর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা তুলে ধরে এ ধরনের ঘটনা রোধে পুলিশ এবার সক্রিয় থাকবে বলে তিনি জানান।
জন ও যান চলাচল ব্যাহত করে, এমন কোনো কর্মকাণ্ড পুলিশ বরদাশত করবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগর পুলিশ কমিশনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫১০ ঘ.
bdnews24