চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার দাবিতে ডাকা রোববারের হরতালের সমর্থনে চট্টগ্রামে মিছিল-সমাবেশ করেছে বিএনপি।
একই দাবিতে চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীও ওই দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে শুক্রবার বিকালে চট্টগ্রামের নাসিমন ভবনের কার্যালয়ে সমাবেশ করে বিএনপির নেতা-কর্মীরা। পরে হরতালের সমর্থনে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে নোমান বলেন, হরতালে বাধা দেওয়া হলে পরিণাম ভাল হবে না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনেই যাবে না বিএনপি।
দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে চাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নোমান বলেন, "আবারো একদলীয় বাকশালী শাসন কায়েম করতে চায় আওয়ামী লীগ।"
বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহাবুবুর রহমান শামীম, নগর বিএনপির নেতা এমএ সবুর, অ্যাডভোকেট আবদুস সাত্তার ও আবুল হাশেম বক্কর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/২০১৪ ঘ.
bdnews24