২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারই এই রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে'

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না রাখার সিদ্ধান্ত নিয়ে সরকার দেশে 'রাজনৈতিক সংকট' সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 12:19 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না রাখার সিদ্ধান্ত নিয়ে সরকার দেশে 'রাজনৈতিক সংকট' সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রোববার দেশব্যাপী হরতাল পালনের মধ্য দিয়ে দেশবাসী এর সমুচিত জবাব দেবে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার আর কোনো সুযোগ নেই। বর্তমান সরকারের মেয়াদ শেষে সংসদীয় গণতন্ত্রের নিয়মেই নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হবে। সরকারের ওই বক্তব্য প্রত্যাখ্যান করে পরদিন সংবাদ সম্মেলন করে ৫ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাকে প্রধান বিরোধীদল বিএনপি ও জামায়াতে ইসলামী। শুক্রবার বিএনপির সমাবেশে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়ে দেশে রাজনৈতিক সংকট তৈরি করেছে। রোববার দেশব্যাপী হরতাল পালনের মধ্য দিয়ে এর সমুচিত জবাব দেওয়া হবে।" সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, "আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ওই আন্দোলনে তাদের বিদায় করবো।" জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সারাদেশে শোক মিছিল করার ঘোষণা দিয়েছিল বিএনপি। এ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি শোকমিছিল বের হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, আবুল খায়ের ভূঁইয়া, নীলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৮১৪ ঘ.