২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন: চরফ্যাশনে সংঘর্ষে আহত ২৫

ভোলার চরফ্যাশন উপজেলার আবু বকরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কেন্দ্রে দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ভোলা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলার আবু বকরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কেন্দ্রে দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সাংবাদিকদের জানান, আবু বকরপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার সাধারণ সদস্য প্রার্থী নুরুল ইসলাম দুলালকে (মোরগ প্রতীক) ৮ ভোটে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু তিনি এসময় প্রার্থীর এজেন্টদের নির্বাচন কমিশনের কোনো ফলাফল শিট দেননি। এ নিয়ে প্রতিপক্ষ প্রার্থী আবদুল আজিজ (ফুটবল) প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহতরা অভিযোগ করেন, দুলালের সমর্থকরা হামলা চালিয়ে আজিজের ২৫ সমর্থককে আহত করে। পুলিশের উপস্থিতিতেই প্রায় ২০ মিনিট এ সংঘর্ষ চলে। পরে কোস্ট গার্ডের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আজিজের সমর্থকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের কাছ অভিযোগ করেন, তাদের এজেন্ট আমেনা বেগমকে পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছে দুলালের সমর্থকরা। আজিজের অভিযোগ, তার এজেন্টকে বের করে দিয়ে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে। এ ফলাফল মেনে না নেওয়ায় তার লোকজনের ওপর হামলা করা হয়েছে। প্রিজাইডিং অফিসার মো. মহিউদ্দিন জানান, ভোট গণনা করে কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়েছে। আবদুল আজিজ ৮ ভোটে পরাজিত হওয়ায় এ ঘটনা ঘটিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৫৪ ঘ.